২১ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভাবনার ‘যাপিত জীবন’
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ মুক্তি পেয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) দেশের ২১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।
দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত বাবার পরিচালনায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। সিনেমার প্রধান চরিত্রটি তার। এ ছাড়া সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি ও ডলি জহুর।
অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়ের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটি পরিবেশনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।
সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, সেন্টারপয়েন্ট (উত্তরা) ও সনি স্কয়ার (মিরপুর) শাখা ছাড়াও লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমা ও বিজিবি অডিটোরিয়ামে প্রদর্শিত হচ্ছে।
ঢাকার বাইরে নারায়ণগঞ্জের স্টার সিনেপ্লেক্স (সীমান্ত টাওয়ার) ও সিনেস্কোপ, চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড) ও সুগন্ধা সিনেমা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, সিলেটের গ্র্যান্ড সিলেট, বগুড়ার মধুবন ও মম-ইন, কুমিল্লার কে স্ক্রিন, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, ময়মনসিংহের ছায়াবাণী, বরিশালের অভিরুচি সিনেমা, ফরিদপুরের বনলতা সিনেমা এবং সান্তাহারের পূর্বাশা সিনেমা হলে সিনেমাটি দেখা যাচ্ছে।
চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে গেল বছর নভেম্বরে ছাড়পত্র মেলে চলচ্চিত্রটির।

বিনোদন ডেস্ক