হাসপাতালে মিলন, কী হয়েছে জানা যাবে সন্ধ্যায়
শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন মিলনের ছোট ভাই আতাউর রহমান সুমন। তিনি বলেন, ‘গতকাল রাতে ভাইয়ার শ্বাসকষ্ট শুরু হয়। সেটা না কমলে তাঁকে স্কায়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর হাটের পরীক্ষা করা হলে কিছু সমস্যা ধরা পড়ে। তবে স্কয়ার হাসপাতালে সিসিইউতে জায়গা না থাকায় রাতেই ভাইয়াকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।’
তিনি আরো বলেন, ‘আমি এখন হাসপাতালে আছি। ডাক্তার আমাকে জানিয়েছে, ভাইয়ার আরো বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে। যেগুলো ফলাফল পাওয়া যাবে সন্ধ্যা ৬টা থেকে ৭টার দিকে। তখনই ভাইয়ার কী সমস্যা ও চিকিৎসা নিয়ে বিস্তারিত জানা যাবে।’
১২ বছর বয়সে থিয়েটারের দিয়ে অভিনয় শুরু করা আনিসুর রহমান মিলন বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় মুখ। তাঁকে দেখা যাচ্ছে সিনেমাতেও।

বিনোদন প্রতিবেদক