ভাষার মাসে এনটিভিতে ‘বর্ণমালার সাথে’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এনটিভিতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ভাষা নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বর্ণমালার সাথে’। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে। জাফর আবদুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান।
২১ পর্বের অনুষ্ঠানটির চূড়ান্ত পর্ব প্রচারিত হবে ২১ ফেব্রুয়ারি। ঢাকা মহানগরীর মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো থেকে বাছাই প্রক্রিয়ার মাধমে দশম শ্রেণির ৩২ জন শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষায় ও চর্চায় আরো মনোযোগী করতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
এ ছাড়া সমাজের সর্বস্তরে মাতৃভাষার চর্চাকে উৎসাহিত করতে মূলত অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠানে বাংলা ভাষাবিষয়ক বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বাংলা সাহিত্যের কীর্তিমান লেখকদের পরিচিতি ও তাঁদের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হবে। অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের এ বিষয়টি ছাড়াও বিভিন্ন প্রশ্ন করা হবে। সেমিফাইনালে ছয়জন ও চূড়ান্ত পর্বে চারজন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। চারজন প্রতিযোগীদের মধ্য থেকে একজনকে চ্যাম্পিয়ন করা হবে। চ্যাম্পিয়ন হিসেবে তিনি একটি দামি ল্যাপটপ ও বই উপহার পাবেন। চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী।

ফিচার ডেস্ক