ভালোবাসা দিবসের নাটক, ইউটিউবে এগিয়ে এনটিভি
ভালোবাসা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন চ্যানেলে ১৪ ফেব্রুয়ারি অনেক নাটক ও টেলিফিল্ম প্রচারিত হয়েছে। টেলিভিশনে প্রচারিত হওয়ার পর অনেক নাটক যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি অনেক নাটক আবার ইউটিউবে দেখা হয়েছে লাখ লাখ বার। সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে এ পর্যন্ত নাটক দেখার হিসেবে এগিয়ে আছে এনটিভির নাটক।
এনটিভিতে প্রচারিত নাটকটির নাম ‘আমার গল্পে তুমি’। নাটকটি এখন পর্যন্ত এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রায় ১১ লাখ বার দেখা হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, মিথিলা ও ঊর্মিলা।
এরপর ক্লোজআপের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখা যায়, বাংলাভিশনে প্রচারিত ‘তোমার পিছু পিছু’ নাটকটি এখন পর্যন্ত ১০ লাখ ৩৯ হাজার বার দেখা হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। নাটকটিতে অভিনয় করেছেন তাহসান ও বিদ্যা সিনহা মিম। নাটকটি ভেরিফায়েড নয় এমন অন্য ইউটিউব চ্যানেলেও উঠেছে।
আরটিভিতে প্রচারিত ‘শুনতে কী পাও’ নাটকটি ইউটিউবে সর্বোচ্চ এখন পর্যন্ত তিন লাখ ২১ হাজার বার দেখা হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ। নাটকটিতে অভিনয় করেছেন তাহসান ও তিশা।
চ্যানেল আইয়ে প্রচারিত ‘অন্য কোথাও’ নাটকটি ইউটিউবে দুই লাখ ২৭ হাজার বারের বেশি দেখা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন নিলয়, মৌসুমি হামিদ প্রমুখ।
দেশ টিভিতে প্রচারিত ‘সিনেমার মতো প্রেম’ নাটকটি ইউটিউবে সর্বোচ্চ ৪৪ হাজার ৬৮৫ বার দেখা হয়েছে। কাজল আরেফিন রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও শখ।
বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয়েছে ‘ভালোবাসার তিন বেলা’ নাটকটি। এখন পর্যন্ত নাটকটি ইউটিউবে ১৯ হাজার ২০১ বার দেখা হয়েছে।
বৈশাখীর আরেকটি নাটক ‘রুপালী জোছনায়’ ইউটিউবে সর্বোচ্চ এক লাখ ৫৯ হাজার ৩১২ বার দেখা হয়েছে। ওসমান সজীবের রচনা ও রূপক বিন রউফের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও অপর্না।
এনটিভিতে ‘আমার গল্পে তুমি’ ছাড়াও বিশেষ টেলিফিল্ম ‘নোনা জলে হঠাৎ দেখা’ প্রচারিত হয়েছিল। নাটকটি পরিচালনা করেছেন আমিরুল ইসলাম। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অপর্না ঘোষ ও সামিয়া। টেলিফিল্মটি এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত ২২ হাজার ৮৭১ বার দেখা হয়েছে।
দীপ্ত টিভিতে ‘এভরিথিং ইজ ফেয়ার’ নামে একটি নাটক প্রচারিত হয়েছে। সুস্ময় সুমনের রচনা ও আবু রায়হানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া ও রমিজ রাজু। নাটকটি ইউটিউবে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ হাজার ৫৪৯ বার দেখা হয়েছে। নাটকটি ইউটিউবের বিভিন্ন চ্যানেলে উঠেছে।
‘ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প’ শিরোনামে বাংলাভিশনে ‘তোমার পিছু পিছু’ ছাড়াও দুটি নাটক প্রচারিত হয়েছিল। একটি ‘মেঘ এনেছি ভেজা’, অন্যটি ‘কেউ জানে না’। ‘মেঘ এনেছি ভেজা’ ক্লোজআপের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত ছয় লাখ ৪১ হাজার ৩০০ বার দেখা হয়েছে। ‘কেউ জানে না’ নাটকটি দেখা হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৮৯৯ বার।
চ্যানেল আইতে প্রচারিত ‘জেনিফারের চিঠি’ নাটকটি ইউটিউবে সর্বোচ্চ নয় হাজার বারের বেশি দেখা হয়েছে। মেজবাউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাইদুর রহমান। নাটকটিতে অভিনয় করেছেন মেহজাবিন, তৌসিফ, দিলারা জামান প্রমুখ।
উল্লিখিত অনেক টেলিভিশন নাটক চ্যানেলের নিজস্ব ইউটিউব চ্যানেল ছাড়াও বিভিন্ন চ্যানেলে ওঠানো হয়েছে। তবে অফিশিয়াল চ্যানেল ও প্রাপ্ত তথ্য থেকে দেখা যায়, এনটিভির নাটককেই এগিয়ে রেখেছেন দর্শক।

ফিচার ডেস্ক