মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করব : সৌরভ চক্রবর্তী
কলকাতার টেলিভিশন চ্যানেলগুলোর পরিচিত মুখ সৌরভ চক্রবর্তী। জনপ্রিয় এই অভিনেতা হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘এপার ওপার’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবিতে বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করবেন তিনি। সম্প্রতি ছবি ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন সৌরভ।
‘এপার ওপার’ চলচ্চিত্রে আপনার চরিত্র সম্পর্কে কিছু বলুন।
সৌরভ চক্রবর্তী : চলচ্চিত্রটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করব। ছবিতে পশ্চিমবাংলা ও বাংলাদেশের ছিটমহল ইস্যুটিও এসেছে। বিষয়টা দারুণ লেগেছে আমার। আমার চরিত্রটাও অনেক চ্যালেঞ্জিং। ছবিতে আমার ও তিশার প্রেমের গল্প আছে। আর কলকাতা ও বাংলাদেশের মানুষের মধ্যে প্রেম অনেক গভীর।
তিশা অভিনীত কোনো চলচ্চিত্র আপনি কি দেখেছেন?
সৌরভ চক্রবর্তী : হ্যাঁ, দেখেছি। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ ও ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবি দুটি দেখেছি। তিশা দারুণ অভিনয় করেন। তাঁর ছবিগুলো ইন্টারনেটে দেখেছি। ফারুকীও আমার অনেক পছন্দের পরিচালক। বাংলাদেশের চলচ্চিত্রেও আমি কাজ করতে আগ্রহী। কিছুদিন আগে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ ছবির ট্রেইলার আমি দেখেছি। অসম্ভব ভালো লেগেছে। ছবিটি এখনো দেখা হয়নি।
‘এপার ওপার’ চলচ্চিত্রের শুটিং কবে থেকে শুরু হবে? আপনার প্রস্ততি কেমন?
সৌরভ চক্রবর্তী : ১৪ মার্চ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। কাল তিশা কলকাতায় এসেছেন। ছবির বেশির ভাগ শুটিং কলকাতায় ও ছিটমহল এলাকাগুলোতে হবে। ছবিটির চিত্রনাট্য সবার পছন্দ হবে। ছবিটি নিয়ে আমি অনেক উচ্ছ্বসিত। এই চলচ্চিত্রে কাজ করা আমার জন্য সুবর্ণ সুযোগও বটে।

শুনেছি খুলনায় আপনাদের আত্মীয় আছে, সে সম্পর্কে কিছু বলুন।
সৌরভ চক্রবর্তী : হ্যাঁ, খুলনায় আমার ঠাকুমার বাড়ি। ঠাকুমার মুখে বাংলাদেশের অনেক গল্প শুনেছি। ঠাকুমা এখন বেঁচে নেই। তবে কাজের চাপে বাংলাদেশে আমার কখনো আসা হয়নি। আশা করছি, এ বছর বাংলাদেশে আসতে পারব। এ দেশের হুমায়ূন আহমেদের লেখা ও অর্ণবের গানও আমি অনেক ভালোবাসি।
আপনি ও আপনার স্ত্রী অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী বাংলাদেশেও অনেক জনপ্রিয়। এ দেশের ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন।
সৌরভ চক্রবর্তী : আমাদের আবেগের সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগের অনেক মিল। আমরা এক ভাষায় কথা বলি। বাংলাদেশের দর্শকদের আমরাও অনেক মিস করি। প্রতিদিন অনেক ভক্তর ফেসবুকে বার্তা পাই। মাঝেমধ্যে সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয় না। এজন্য অনেকে রাগও করেন। কলকাতা ও বাংলাদেশের সব ভক্তকে আমরা ভালোবাসি।
এখন তো ভারতীয় চ্যানেল স্টার জলসা চ্যানেলে আপনি অভিনীত ‘মেম বউ’ সিরিয়ালটি প্রচারিত হচ্ছে। কেমন সাড়া পাচ্ছেন?
সৌরভ চক্রবর্তী : ভালো। তবে সিরিয়ালের শুটিংয়ে প্রচুর সময় দিতে হয়। কাজটা উপভোগও করি। এখন চলচ্চিত্রে মনোযোগী বেশি হচ্ছি। সামনে আরো বেশ কিছু চলচ্চিত্রে কাজ করার কথা রয়েছে।

নাইস নূর