শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির সঙ্গে প্যানেল গঠন করবেন বলেও জানান। তবে হঠাৎই জানা গেল, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার এ অভিনেতা।
গতকাল বুধবার (৩ জুন) গণমাধ্যমকে বাপ্পারাজ ও মুক্তি দুজনেই নিশ্চিত করেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেতা।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পারাজ ও মুক্তি দুজনেই। মুক্তি জানান, মঙ্গলবার বাপ্পারাজ তাকে একটি ক্ষুদেবার্তায় বিষয়টি জানিয়েছেন। তাই নতুন সভাপতি প্রার্থী খুঁজছেন তিনি।
অন্যদিকে এক গণমাধ্যমকে বাপ্পারাজ জানান, তার ব্যক্তিগত ও পারিবারিক কারণেই নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অভিনেতা। এর মাঝে ব্যবসায়িক কারণ একটি। নির্বাচন করে যদি সময় না দিতে না পারেন, তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে এফডিসিপাড়ায় নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থী, জোট ও প্যানেল নিয়ে শিল্পী ও সংশ্লিষ্ট মহলে এখন সরগরম আলোচনা।
প্রসঙ্গত, শিল্পী সমিতির সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের (মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল) মেয়াদ শেষ হয়েছে ২৪ এপ্রিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে।

বিনোদন ডেস্ক