ভোজপুরি নায়ক হবেন ফারহান
বলিউডের খানদের মত হয়তো তাঁর অত স্টারডম নেই। কিন্তু ফারহান আখতার মানেই দুর্দান্ত কাহিনী, আর নতুন রূপে পর্দায় হাজির হওয়া। এই বহুমুখী অভিনেতা এখন পুরোপুরি তৈরি নিজের পরবর্তী চলচ্চিত্র ‘লখনৌ সেন্ট্রাল’-এর জন্য। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ছবিতে একজন উচ্চাকাঙ্ক্ষী ভোজপুরি অভিনেতার চরিত্রে অভিনয় করছেন তিনি।
ফারখান আখতার ভিন্ন কিছুর মাধ্যমে নিজেকে পরখ করতে চাইছিলেন। প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রামে লিপ্ত ভোজপুরি অভিনেতার এই চরিত্র তাঁকে দারুণ আকর্ষণ করেছে। ছবিতে তাঁকে দেখা যাবে বিখ্যাত ভোজপুরি অভিনেতা মনোজ তিওয়ারির পাঁড় এক ভক্তের চরিত্রে, যে কিনা নিজেও মনোজের মতো করেই ছবিতে অভিনয় করার বিষয়ে বদ্ধপরিকর।
ফারহান আখতার মনে করছেন, চলচ্চিত্রের মাধ্যমে জনসাধারণের আরো সংযুক্ত হওয়া উচিত এবং সে জন্য এই ছবিটি খুবই উপযুক্ত। ‘লখনৌ সেন্ট্রাল’ ছবিটির পটভূমি উত্তরপ্রদেশ। এই অঞ্চলের দর্শক ভোজপুরি ছবির দারুণ ভক্ত। আর তাঁদের জন্য এবং সবার জন্য ‘ভোজপুরি’ ফারহানের ছবিটি সিনেমা হলে নিয়ে আসার কথা রয়েছে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর।

মেহেদী নোভেল