অ্যামির হিন্দি নিয়ে হাসাহাসি
দক্ষিণে অ্যামি জ্যাকসন দারুণ জনপ্রিয়। বলিউডে সফল হওয়ার জন্য তাঁর সমস্যা একটাই, ভাষা। হিন্দি একদমই পারেন না তিনি। প্রথম ছবি ‘এক দিওয়ানা থা’ দর্শকের মনে ধরলেও বক্স অফিসে কিছুই করতে পারেনি। দুই বছরের বিরতির পর বলিউডে ফিরে বুঝছেন, হিন্দি না শিখলে ভালোই সমস্যা।
অক্ষয় কুমারের বিপরীতে সিং ইজ ব্লিং দিয়ে অ্যামি জ্যাকসনের বলিউড প্রত্যাবর্তন হচ্ছে। ছবির নির্মাতা প্রভুদেবা। হিন্দি নিয়ে এবার অনেক সিরিয়াস অ্যামি, নিজের ডাবিং যেন নিজেই করতে পারেন-সে জন্য নিয়মিত হিন্দির তালিম নিতে শুরু করেছেন। কিন্তু ট্রেনিংয়ে ভাষা আর কতই বা দ্রুত শেখা যায়? শুটিং সেটে সহকর্মীরাই একচোট মজা করেছেন অ্যামির ‘হিন্দি’ নিয়ে!
এই ছবির প্রযোজক অশ্বিনী ইয়ার্দিই ছিলেন সেই মজার হোতা। হিন্দি শেখা শুরু করলেও প্রায় কিছুই বোঝেন না অ্যামি, এটা তিনি ভালোভাবেই জানেন। অ্যামিকে ডেকে তিনি বলেন, পরিচালক প্রভুদেবাকে গিয়ে একটা হিন্দি বাক্য বলতে হবে-‘ম্যয় তুম পর ফিদা হুঁ’ (আমি তোমার জন্য পাগল!)। অ্যামি এই বাক্যের কোনো মানে না জানলেও আদর্শ ছাত্রীর মতো গড়গড় করে প্রভুদেবাকে গিয়ে এই বাক্যটি বলেন।
এ কথা শুনে পুরো প্রোডাকশন ইউনিট হাসিতে ফেটে পড়ে। ঘটনা অ্যামি প্রথম বুঝতে না পেরে বিব্রত হলেও পরে তাঁকে বোঝানো হয় তিনি কী বলেছেন! তারপর হাসি আর লজ্জা পাওয়া ছাড়া কি বা উপায় থাকে।
রসিক মেজাজের প্রভুদেবা নিজেও একচোট ঠাট্টা করেছেন এই নিয়ে। দেখা যাচ্ছে, হিন্দি দ্রুত না শিখে উঠতে পারলে বলিউডে বিপত্তি রয়েছে অ্যামির।
সিং ইজ ব্লিং ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে এ বছরের ২ অক্টোবরে।

সামি আল মেহেদী