তারকাদের সেলফিতে বিরক্ত তারকারা!
বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় দুটি বিষয় সেলফি আর ফেসবুক। নিজের অবস্থান জানাতেই যেন ব্যস্ত সবাই। আর এই ‘রোগে’ বেশি আক্রান্ত তারকারা। ক্যামেরার সামনে শটের আগে, প্রেস কনফারেন্সে কিংবা যেকোনো অনুষ্ঠানে কাজের আগে তারা এখন যেন বেশি ব্যস্ত সেলফি তোলায়। এমনই অভিযোগ করেছেন বাংলাদেশের চলচ্চিত্রজগতের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি।
চিত্রনায়ক রিয়াজ বলেন ‘আমরা শটের আগে গান গেয়ে, কবিতা আবৃত্তি করে সিকোয়েন্সের সাথে নিজেকে মিশিয়ে দিতাম। অভিনয়টা যেন ভালো হয়। ক্যামেরার সামনে দাঁড়াতে হলে তার জন্য তৈরি হতে হয়। এখন যাঁরা কাজ করেন তাঁরা অভিনয়ের চেয়ে সেলফিতেই বেশি সময় দেন। আমার অবাক লাগে, এটা কী করে সম্ভব! কোনো প্রিপারেশন নেই। পরিচালক ‘অ্যাকশন’ বলার আগের মুহূর্তেও সেলফি! অভিনয়কে ভালো না বাসলে দর্শকের ভালোবাসাও পাওয়া যাবে না। আমার মনে হয় অভিনয় করতে চাইলে এ বিষয়ে সিরিয়াস হওয়া দরকার।’
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন ‘এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি ডিজিটাল। প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক দুটোই আছে। কোনটা আমি গ্রহণ করব সেটা আমার বিষয়। নতুন ছেলেমেয়েরা অভিনয়ে সিরিয়াস নয়। আমরা অভিনয়ের আগে নিজেদের তৈরি করে নিতাম, কোনো কেমিক্যাল ছাড়াই কাঁদতে পেরেছি, কারণ আমরা বিষয়টা ভেতরে নিয়ে কাজটি করতাম। এখনকার ছেলেমেয়ে সেলফি তুলে শটে আসে। আমার অবাক লাগে, এই ছেলেমেয়েরা কীভাবে দর্শক চাহিদা পূরণ করবে?’
পরিচালক এফআই মানিক বলেন, ‘আসলে অভিনেতা হওয়ার আগে সবাই তারকা হতে চায়। এ কারণে তাদের এই সেলফি-প্রীতি। কে অভিনয়ে কম মনোযোগী সেটা তার সেলফির সংখ্যা দেখেই বোঝা যায়। এভাবে আসলে তারকা হওয়া যায় না। ভালো অভিনয়ই পারে তারকা বানাতে, সেলফি নয়।’

মাজহার বাবু