শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট ভাইরাল
ঢাকাই সিনেমার দুই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ও পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা সিনেমাপ্রেমীদের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই দুই অভিনেত্রী। অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারা। আর অনবদ্য অভিনয়গুণে দু‘জনই শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে।
সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু সুন্দর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পূর্ণিমা।
যেখানে তিনি শাবনূরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ভালোবাসা ও সম্মানের ভাষায়। সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ণিমার পোস্টটি এখন ভাইরাল। অভিনেত্রীর পোস্টে অনেকেই কমেন্ট করেছেন আর কেউ করেছেন শেয়ার। ৮২ হাজারের বেশি রিয়েকশন এসেছে পোস্টে।
ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’
স্মৃতির পাতা হাতড়ে পূর্ণিমা আরও লিখেছেন, ‘২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।’
বর্তমানে শাবনূর বড় পর্দায় নিয়মিত না থাকলেও তাকে নিয়ে সহকর্মী ও ভক্তদের ভালোবাসা এখনো স্পষ্ট। পূর্ণিমার পোস্টেও সেই অনুপস্থিতির অনুভব উঠে এসেছে। তিনি শাবনূরের সুস্থতা কামনা করে লেখেন, “আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”
ঢালিউডের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজেদের অভিনয় ও জনপ্রিয়তার মাধ্যমে আলাদা জায়গা করে নিয়েছেন। এক সময় তাদের নিয়ে প্রতিদ্বন্দ্বিতার আলোচনা থাকলেও বাস্তব জীবনে তাদের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধন এখন ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

বিনোদন ডেস্ক