শানু ও শ্যামলের ‘লাল শার্ট’
বিজয় দিবস উপলক্ষে ইরানী বিশ্বাস পরিচালনা করেছেন একটি টেলিফিল্ম। নাম ‘লাল শার্ট’। ভিন্নধর্মী গল্পের টেলিফিল্মটি ইরানী বিশ্বাস লিখেছেন নিজেই। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শানারেই দেবী শানু, শ্যামল মওলা, সিনথিয়া প্রমুখ।
এনটিভি অনলাইনকে ইরানী বিশ্বাস বলে, ‘টেলিফিল্মের কাজের অভিজ্ঞতা খুব ভালো। আমার কাছে মনে হয় মুক্তিযুদ্ধ প্রতিদিন। প্রতিদিনই আমরা মুক্তি পেতে চাই। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনা মাথায় রেখে আধুনিক গল্পের একটি টেলিফিল্ম আমি নির্মাণ করেছি। আশা করছি, টেলিফিল্মটি সবার ভালো লাগবে।’
মুক্তিযুদ্ধ কোনো একটি নির্দিষ্ট সময়ে বেঁধে রাখার বিষয় নয় বলে জানান ইরানী বিশ্বাস। তিনি আরো বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটেও হতে পারে মুক্তিযুদ্ধের নাটক, টেলিফিল্ম, সিনেমা। একটি লাল শার্টকে কেন্দ্র করে গল্পের বুনন হয়েছে। এই শার্টটি একজন মুক্তিযোদ্ধা যত্ন করে আগলে রেখেছিল পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেবে বলে। জীবদ্দশায় সে এই শার্ট নিজ সন্তানকে দেয়নি কারণ সে মনে করেছে তার সন্তান এই শার্ট পরার উপযুক্ত না। ঘটনা চক্রে এই শার্ট খুঁজে পায় মুক্তিযোদ্ধার সন্তান। কী করবে সে এই শার্ট দিয়ে ? প্রশ্নের জবাব পেতে টেলিছবিটি প্রচারের অপেক্ষায় থাকতে হবে।’
অভিনেত্রী শানুর প্রশংসা করে ইরানী বলেন, ‘শানারেই দেবী শানু অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী। মনিটরে তার অভিনয় দেখে আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে।’
টেলিফিল্মটির শুটিং রাজধানীর আফতাবনগরের বিভিন্ন লোকেশনে হয়েছে। টেলিফিল্মটি শিগগির একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান ইরানী বিশ্বাস।
ক্যাপশন : ‘লাল শার্ট’ টেলিফিল্মের একটি দৃশ্যে শানু ও শ্যামল মওলা। ছবি : সংগৃহীত

ফিচার ডেস্ক