মহারাষ্ট্রের বাঘদূত হলেন অমিতাভ
মহারাষ্ট্রের বাঘদূত হয়েছেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। বাঘদূত হওয়ার জন্য মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধির মুঙ্গতিওয়ারের প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে এ তথ্য।
ইকোপর্যটন বাড়ানোর উদ্দেশ্যে, বিশেষ করে মহারাষ্ট্রের বাঘ পর্যটন বাড়ানোর জন্য বাঘদূত হতে মুঙ্গতিওয়ার অনুরোধ করেন অমিতাভ বচ্চনকে। এর পর গত সোমবার ৭২ বছর বয়সী এই অভিনেতা তাঁর বাঘদূত হওয়ার সম্মতির কথা জানান একটি চিঠির মাধ্যমে।
অমিতাভ বচ্চন চিঠিতে বলেন, ‘বাঘ বিষয়ে রাজ্য সরকারের সেবা দান করার এ প্রস্তাব আমি গ্রহণ করছি। রাজ্যের এই কল্যাণমুখী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে এই চিঠির মাধ্যমে আমার সম্মতি জানাচ্ছি।’
এর আগে ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে মুঙ্গতিওয়ার অমিতাভ বচ্চনকে বাঘদূত হওয়ার আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠান।
মুঙ্গতিওয়ার বলেন, ‘অমিতাভ বচ্চনের জনপ্রিয়তার কারণে তিনি বাঘদূত হওয়ার জন্য এমনিতেই পছন্দের ছিলেন। তিনি বাঘের সুরক্ষা এবং সংরক্ষণের বিষয়ে জনগণকে সচেতন করে তুলবেন। আমি বিশ্বাস করি, অমিতাভ বচ্চনের এই যোগদান, বাঘ বাঁচানোর আন্দোলনকে জনগণের আন্দোলনে পরিণত হতে সাহায্য করবে।’

শাশ্বতী মাথিন