শাল উপহার পেলেন দীপিকা ও অন্যরা
ফ্যাশন সচেতন যে কেউই বার্বারির নাম শুনে থাকবেন। এই বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ডটি পোশাক আশাকে বহু নতুনত্ব নিয়ে আসে প্রায়ই, তাতে ফ্যাশনপ্রেমী সবার মুগ্ধ না হয়ে উপায় থাকে না। কিছুদিন আগে তাদের একটি বিশেষ শাল নজর কেড়েছে সবারই। মিসমালিনীর খবরে জানা গেল, বলিউড-হলিউডের সুন্দরীরা রীতিমতো এই শাল চাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন মহানন্দে।
আকারে খুব বড় নয় বার্বারির এই ব্ল্যাঙ্কেট শালটি। তবে স্টাইলিশ, এ কথা তো আর বলার অপেক্ষা রাখে না। তারকাদের দারুণ সুবিধা, দারুণ অনেক কিছু্র জন্যই তাদের টাকাপয়সা খরচ করতে হয় না, এমনিতেই উপহার হিসেবে পেয়ে যান। পণ্যটির প্রচারণার জন্যই (কোনো সন্দেহ?) বলিউড এবং হলিউডের সেরা সুন্দরীদের এই শালটি উপহার হিসেবে পাঠিয়েছে বার্বারি। শুধু তাই নয়, প্রত্যেককে পাঠানো শালেই খোদাই করা আছে তাঁদের নামের আদ্যক্ষর। ব্যাপারটা বেশ পছন্দই হয়েছে দীপিকা পাড়ুকোন, সুকি ওয়াটারহাউস, সারাহ্ জেসিকা পার্কার, সোনম কাপুর, রোজি হান্টিংটন-হুইটলি, কারা ডেলভাইন, অলিভিয়া পালেরমোদের। ছবিগুলো দেখলে আপনিও বুঝবেন।
শালটির জন্য আগ্রহ হচ্ছে? মোটা অঙ্কের খরচাপাতিতে রাজি থাকলে খোঁজ নিন বার্বারির অফিশিয়াল ওয়েবসাইটে। দাম পড়তে পারে প্রায় হাজার দেড়েক মার্কিন ডলার। শখের জিনিস বলে কথা!

সামি আল মেহেদী