খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছে সুনীল গ্রোভার, ভিডিও ভাইরাল
তারকাদের জীবন মানেই বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি আর আড়ম্বর— এমন ধারণার বাইরে বারবার নিজেকে তুলে ধরেছেন অভিনেতা ও কৌতুকশিল্পী সুনীল গ্রোভার। এবারও তাঁর একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সুনীল গ্রোভার। সেখানে দেখা যায়, রাতের গঙ্গার ঘাটে খোলা আকাশের নিচে ফুটপাথে শুয়ে আছেন তিনি। চারপাশে আরও অনেক মানুষ বিশ্রাম নিচ্ছেন, আর তাঁদের মাঝেই সাধারণভাবেই ঘুমিয়ে আছেন এই অভিনেতা।
ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তারে জমিন পার’। আর ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ভক্তিগীতি ‘জয় কাল মহাকাল’। তবে ভিডিওটি ঠিক কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। অনেকে ধারণা করছেন, এটি ঋষিকেশ বা হরিদ্বারের কোনো গঙ্গার ঘাট হতে পারে।
ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। কয়েক মিলিয়নেরও বেশি দর্শক ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন। কমেন্ট বক্সে ভরে উঠেছে প্রশংসা ও ভালোবাসার মন্তব্যে। অনেকেই তাঁর সহজ-সরল জীবনযাপন ও সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকার মানসিকতার প্রশংসা করেছেন।
এর আগেও সাধারণ জীবনের নানা মুহূর্ত শেয়ার করতে দেখা গেছে এই অভিনেতাকে। কিছুদিন আগে এক ভিডিওতে তাঁকে রাস্তার পাশে হ্যান্ডপাম্পের পানি দিয়ে কাপড় কাচতে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, তিনি মাটিতে বসে ঐতিহ্যবাহী চুলায় নিজের হাতে রুটি তৈরি করছেন।
পর্দায় হাস্যরসাত্মক চরিত্রে ব্যাপক জনপ্রিয় সুনীল গ্রোভারকে শেষবার দেখা গেছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে। বলিউডের একাধিক তারকার অনুকরণে তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকমহলে আলাদা জায়গা করে নিয়েছে।
ক্যামেরার বাইরের এই সাধারণ জীবনযাপনই যেন আরও বেশি করে দর্শকের মন জয় করছে। গঙ্গার ঘাটে ফুটপাথে ঘুমানোর এই ভিডিও আবারও মনে করিয়ে দিল— জনপ্রিয়তার শিখরে থেকেও খুব সাধারণভাবে বাঁচা সম্ভব।

বিনোদন ডেস্ক