৮ দিনেই ১০০০ কোটি, ভারতের সর্বোচ্চ আয় করা সিনেমা হতে পারবে ‘রামায়ণ’?
মুক্তির মাত্র আট দিনেই বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। এর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে দ্রুততম ১ হাজার কোটি রুপি আয়ের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি। তবে শুধু হাজার কোটির ক্লাবে প্রবেশ করেই থেমে থাকতে চায় না সিনেমাটি। এখন প্রশ্ন, ভারতীয় সিনেমার সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ডও কি ভাঙতে পারবে ‘রামায়ণ’?
বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির অষ্টম দিন শেষে ‘রামায়ণ’র বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে ৬৭৫ কোটি ৫ লাখ এবং বিদেশের বাজার থেকে ৩৫৮ কোটি ৫০ লাখ রুপি। ভারতের বাজারে সিনেমাটির নিট আয় ৫৬৪ কোটি ৬০ লাখ রুপি। এনডিটিভি ও দ্য উইকের প্রতিবেদনেও এই হিসাব তুলে ধরা হয়েছে।
এই আয়ের মধ্য দিয়ে রণবীর কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হয়ে উঠেছে ‘রামায়ণ’। এর আগে তাঁর অভিনীত ‘অ্যানিমেল’ ছিল ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা। মাত্র আট দিনেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে নতুন এই সিনেমা।
তবে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় শীর্ষে উঠতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে ‘রামায়ণ’কে। স্যাকনিল্কের প্রকাশিত বক্স অফিসের হিসাব অনুযায়ী, এই তালিকার শীর্ষে রয়েছে আমির খানের ‘দঙ্গল’। চীনের বাজারে অভাবনীয় সাফল্য পাওয়া সিনেমাটির বিশ্বব্যাপী আয় প্রায় ২ হাজার ৭০ কোটি রুপি। দ্বিতীয় স্থানে রয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। সিনেমাটির আয় ১ হাজার ৮১৩ কোটি ৩৯ লাখ রুপি। তৃতীয় স্থানে থাকা ‘বাহুবলী ২’ এর আয় ১ হাজার ৭৮৮ কোটি ৬ লাখ এবং ‘পুষ্পা ২’ এর আয় ১ হাজার ৭৪২ কোটি ১০ লাখ রুপি।
অন্যদিকে ‘ধুরন্ধর’র আয় প্রায় ১ হাজার ৩০৭ কোটি রুপি। অর্থাৎ বর্তমান হিসাব অনুযায়ী, এই সিনেমাকে পেছনে ফেলতে ‘রামায়ণ’র প্রয়োজন আরও প্রায় ২৭৪ কোটি রুপি। আর শীর্ষে থাকা ‘দঙ্গল’র রেকর্ড ভাঙতে প্রয়োজন আরও প্রায় ১ হাজার ৩৭ কোটি রুপি।
দ্রুততম ১ হাজার কোটি রুপি আয়ের রেকর্ডেও ‘রামায়ণ’র অবস্থান বেশ শক্ত। ‘পুষ্পা ২’ ও ‘ধুরন্ধর ২’ সাত দিনে এই মাইলফলক ছুঁয়েছিল। অন্যদিকে ‘বাহুবলী ২’র লেগেছিল ১০ দিন। আট দিনে হাজার কোটি আয় করে তাদের পরেই জায়গা করে নিয়েছে ‘রামায়ণ’।
তবে প্রথম সপ্তাহের সাফল্য ধরে রাখতে পারবে কি না, সেটিই এখন বড় পরীক্ষা। কারণ, প্রথম আট দিনের আয় আর পুরো প্রদর্শনীতে মোট আয় এক বিষয় নয়। শেষ পর্যন্ত ‘দঙ্গল’র রেকর্ড ভাঙতে পারবে কি না, তা নির্ভর করছে আগামী সপ্তাহগুলোতে সিনেমাটির দর্শক চাহিদা ও বক্স অফিসে স্থায়িত্বের ওপর।

বিনোদন ডেস্ক