৪ হাজার কোটি ‘রামায়ণ’ : রণবীর নিচ্ছেন ১৫০ কোটি, ইয়াশ কত?
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তির আগেই বাজেট ও তারকাদের পারিশ্রমিক নিয়ে আলোচনায় রয়েছে। পরিচালক নীতেশ তিওয়ারির এই দুই পর্বের সিনেমা নির্মাণ ও বিশ্বব্যাপী প্রচার মিলিয়ে বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি। প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, দুই পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট প্রায় ৫০ কোটি ডলার।
সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুই পর্বের জন্য তাঁর পারিশ্রমিক ১৫০ কোটি রুপি। অর্থাৎ, প্রতি পর্বে ৭৫ কোটি রুপি করে পাচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে এই অঙ্ক স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
রাবণের চরিত্রে রয়েছেন ইয়াশ। তিনি শুধু অভিনেতাই নন, সিনেমাটির সহপ্রযোজকও। তাঁর পারিশ্রমিক নিয়ে সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য রয়েছে। কোনো প্রতিবেদনে দুই পর্বের জন্য ১০০ কোটি রুপির কথা বলা হয়েছে, আবার মিন্টের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অভিনয়ের জন্য আলাদা পারিশ্রমিক না নিয়ে সিনেমার লাভের অংশ পেতে পারেন।
সীতার চরিত্রে সাই পল্লবীর পারিশ্রমিক দুই পর্ব মিলিয়ে ১২ কোটি রুপি এবং হনুমানের চরিত্রে সানি দেওলের পারিশ্রমিক ৪০ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন রবি দুবে। তাঁর পারিশ্রমিক দুই পর্ব মিলিয়ে ২০ কোটি রুপি বলে খবর প্রকাশিত হয়েছে। এসব অঙ্কও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
সিনেমাটি প্রযোজনা করছে নমিত মালহোত্রার প্রতিষ্ঠান প্রাইম ফোকাস স্টুডিওস এবং ইয়াশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। ভিএফএক্সের দায়িত্বে রয়েছে ডিএনইজি। ‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্ব মুক্তি পাবে ৫ নভেম্বর ২০২৬, বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে। তবে দ্বিতীয় পর্বের মুক্তি পিছিয়ে ২০২৮ সালে নেওয়া হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে।
