মধ্যবিত্তের গল্প নিয়ে ঈদে আসছে সিয়াম-তুষির সিনেমা, আছেন চঞ্চলও
আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তাঁদের নতুন রসায়ন সিনেমাটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। দুই অভিনয়শিল্পীর পাশাপাশি এতে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ ও রেজওয়ান পারভেজ। বড় পর্দার জন্য শঙ্খ দাশগুপ্তের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘প্রিয় মালতী’। অন্যদিকে তাঁর নির্মিত ওটিটি সিনেমা ‘চা গরম’ দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিল।
নতুন সিনেমাটি মধ্যবিত্ত পরিবারের জীবন, সম্পর্ক ও আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এতে দৈনন্দিন জীবনের নানা টানাপোড়েন, পারিবারিক মূল্যবোধ, পুরোনো স্মৃতি এবং মানুষের ব্যক্তিগত দ্বন্দ্ব উঠে আসবে। তবে গল্পটি পুরোপুরি গম্ভীর নয়। আবেগের পাশাপাশি থাকছে হাস্যরসও।
পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমাটির গল্পে দর্শক নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। অতীতের দিকে ফিরে তাকানো, হারিয়ে যাওয়া মুহূর্তগুলো নতুন করে অনুভব করা এবং কিছু প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়ে এগোবে কাহিনি।
তাঁর ভাষায়, ‘গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণিকে ঘিরে। এতে আবেগ, পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের পাশাপাশি প্রতিদিনের জীবনের দ্বন্দ্ব ও নানা ঘটনা উঠে আসবে। তবে দর্শকেরা যেন এটিকে খুব গম্ভীর কোনো সিনেমা মনে না করেন। গল্পে যথেষ্ট হাস্যরসও রয়েছে।’
পরিচালকের বর্ণনায়, ‘আবার দেখা হলে’ মূলত নিজেকে নতুন করে আবিষ্কার এবং অতীতের সঙ্গে আবার সংযোগ স্থাপনের গল্প। জীবনের ফেলে আসা সময়, পুরোনো সম্পর্ক ও স্মৃতির মধ্য দিয়ে চরিত্রগুলোর আবেগের নানা দিক সামনে আসবে। গল্পের বিভিন্ন পর্যায়ে সময়ের পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিনেমাটির আবেগ দর্শকের কাছে পৌঁছে দিতে গান ও আবহসংগীতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন নির্মাতা। তাঁর মতে, সংগীত সিনেমাটির অন্যতম উল্লেখযোগ্য দিক হয়ে উঠতে পারে।
সিঙ্গার ও বেকোর উপস্থাপনায় সিনেমাটি প্রযোজনা করছে ফিল্মি ফিচার্স। সহপ্রযোজক ও আনুষ্ঠানিক ডিজিটাল অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতায় রয়েছে এমআইবি স্টুডিওস। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।

বিনোদন ডেস্ক