প্রথমবার জয়া-শ্রাবন্তী জুটি, গল্পজুড়ে খুন আর প্রতিশোধ
খুন, প্রতিশোধ আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন কলকাতার পরিচালক অর্জুন দত্ত। ‘আরএসভিপি মার্ডার’ নামের এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের জয়া আহসান ও কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
পাহাড়ি পরিবেশে একটি আনন্দ আয়োজন ঘিরে এগোবে সিনেমার গল্প। আয়োজনের মধ্যে হঠাৎ আসে একটি অস্বস্তিকর বার্তা। এরপরই বদলে যায় পরিস্থিতি। একের পর এক রহস্য সামনে আসতে থাকে। কে খুনি, কেন ঘটেছে হত্যাকাণ্ড, আর এর পেছনে কার কী ভূমিকা, সেসব প্রশ্নের উত্তর খুঁজবে কাহিনি।
‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’ নির্মাণ করে পরিচিতি পেয়েছেন অর্জুন দত্ত। তাঁর পরিচালিত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। আগের সিনেমাগুলোতে সম্পর্কের নানা দিক তুলে ধরলেও এবারই প্রথম থ্রিলার নির্মাণ করছেন তিনি।
এ প্রসঙ্গে অর্জুন দত্ত বলেন, ‘আমার সব সিনেমায় সম্পর্কের নানা দিক উঠে এসেছে। তবে প্রতিটি সিনেমাই আলাদা। পরিচালক হিসেবে সব ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। থ্রিলার নির্মাণের ইচ্ছা অনেক দিনের। অবশেষে সেই সুযোগ হলো।’
জয়া ও শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অভীপ্সা চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝা।
বড় তারকাবহর নিয়ে সিনেমা নির্মাণ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। এ ধরনের সিনেমায় গল্পের বাঁধন খুব জরুরি। তা না হলে পুরো বিষয়টিই নষ্ট হয়ে যেতে পারে।’
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অর্জুন দত্ত ও আশীর্বাদ মৈত্র। প্রযোজনায় রয়েছে অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠান শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস। সহ-প্রযোজক রূপম গোস্বামী। চিত্রগ্রহণে সুপ্রতিম ভোল এবং সম্পাদনায় সুজয় দত্ত রায়।
সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে।

বিনোদন ডেস্ক