প্রেমিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বাপ্পারাজ, তারপর কী ঘটেছিল?
সিনেমার পর্দায় প্রেমে বারবার ব্যর্থ প্রেমিকের চরিত্রে দেখা গেছে চিত্রনায়ক বাপ্পারাজকে। কখনো ভালোবাসার মানুষকে হারিয়েছেন, কখনো অপূর্ণ থেকে গেছে প্রেমের গল্প। তবে বাস্তব জীবনের গল্পটা ছিল একেবারেই আলাদা। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে পরিবারের আপত্তিও উপেক্ষা করেছিলেন এই অভিনেতা। একসময় প্রেমিকাকে নিয়ে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। সেখানেই কাজী ডেকে বিয়ে করেন তারা। তবে বিয়ের পরই ঘটে যায় নতুন ঘটনা।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রেম ও বিয়ের গল্প সম্পর্কে বাপ্পারাজ জানান, ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাইলেও পরিবারের পক্ষ থেকে বাধা আসে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
পালিয়ে যাওয়ার পর দুজন আশ্রয় নেন সোহেল চৌধুরী ও দিতির বাসায়। সেখানেই কাজী ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তবে বিয়ের সময় সোহেল চৌধুরী বাসায় ছিলেন না।
সেই ঘটনার স্মৃতিচারণা করে বাপ্পারাজ বলেন, ‘সোহেল ও দিতির বাসায় কাজী ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।’
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ প্রয়াত নায়করাজ রাজ্জাকের ছেলে। তবে পারিবারিক পরিচয়ের পাশাপাশি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে পাকাপোক্ত স্থান করে নিয়েছেন তিনি। ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’, ‘প্রেমের সমাধি’, ‘বাবা কেন চাকর’ ও ‘পাগলীর প্রেম’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বিশেষ করে ব্যর্থ প্রেমিকের চরিত্রে বাপ্পারাজের অভিনয় দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। পর্দায় তাঁর প্রেমের পরিণতি প্রায়ই বেদনাদায়ক হলেও বাস্তব জীবনে ভালোবাসার মানুষকে পেতে কম লড়াই করতে হয়নি এই অভিনেতাকে। পরিবারের আপত্তি পেরিয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সেই গল্পই নতুন করে সামনে আনলেন অভিনেতা।

বিনোদন ডেস্ক