সংগীতশিল্পী শেখ সাহেদ আর নেই
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড ‘গাছ’-এর প্রতিষ্ঠাতা এবং ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার প্রয়াণে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
শেখ সাহেদের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ‘অর্থহীন’ ব্যান্ডের মুখপাত্র এহসানুল হক টিটু।
নিজের ফেসবুক পোস্টে তার মৃত্যুর সংবাদটি জানিয়ে এহসানুল হক টিটু জানান, ‘আজ শুক্রবার বাদ আসর গোপীবাগ আড়াই লেন বাইতুন নূর জামে মসজিদে সাহেদ ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে। সবাই তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
এর আগে, গুরুতর রক্তক্ষরণসহ কিডনি জটিলতা, স্ট্রোক, ডেঙ্গু ও হেপাটাইটিস সি ভাইরাসের মতো একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক গণমাধ্যমকে জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার স্ট্রোক হয় এবং পরীক্ষায় ডেঙ্গুও শনাক্ত হয়।
অবস্থার অবনতি হলে তাকে প্রথমে এইচডিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়। দীর্ঘ চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছিলেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছিলেন, কিডনি জটিলতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং লিভারের প্রদাহের মতো একাধিক মারাত্মক শারীরিক জটিলতা একসঙ্গে তার পরিস্থিতিকে অত্যন্ত সংকটাপন্ন করে তুলেছিল।
অসুস্থতার কারণে তার দীর্ঘদিনের গানের আয়োজনও থমকে গিয়েছিল। দীর্ঘ ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। গত ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ উপলক্ষে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। শিল্পীর অসুস্থতার কারণে আয়োজনটি বাতিল করা হয়।
এরশাদুল হক জানান, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য সাহেদের দিল্লি যাওয়ার প্রস্তুতি ছিল। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনাও স্থগিত হয়েছে।
প্রসঙ্গত, শেখ সাহেদ সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।

বিনোদন ডেস্ক