‘বাহুবলি’র পর ‘রুদ্রমদেবী’
দক্ষিণী ছবি ‘বাহুবলি’র সাফল্য তামাম ভারত ছাড়িয়ে দুনিয়াজোড়া। ‘বাহুবলি’র রেশ কাটতে না কাটতেই আসছে এমনই আরেক ব্যয়বহুল ছবি ‘রুদ্রমদেবী’। নারীপ্রধান এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ‘বাহুবলি’ ছবির এক নায়িকা আনুশকা শেঠি। এনডিটিভির খবরে জানা গেল, আগামী ৯ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
ছবিটি পরিচালনা করেছেন গুণশেখর। প্রযোজনার কাজটি করেছেন অভিষেক নম। তেলেগু ভাষার এই হিস্টোরিক্যাল ড্রামা ঘরানার ছবিটি হিন্দি, তামিল, কানাড়া এবং মালয়ালাম ভাষাতেও মুক্তি পাবে। ‘বাহুবলি’র মতো এই ছবিতেও থাকতে যাচ্ছে সিজিআই তথা কম্পিউটার জেনারেটেড ইমেজ আর গ্রাফিকসের দুর্দান্ত ঝলকানি।
তৃতীয় শতাব্দীর সময়ে ককোতিয়া সাম্রাজ্যের এক দোর্দণ্ডপ্রতাপ সম্রাজ্ঞীকে নিয়েই এগোবে এ ছবির কাহিনী। এই সম্রাজ্ঞীর চরিত্রেই অভিনয় করেছেন আনুশকা শেঠি। তিনি ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘বাহুবলি’র আরেক তারকা রানা দগ্গুবাতিকে, আরো থাকছেন সুপারস্টার আল্লু অর্জুন।
এ ছাড়া এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিক্রমজিৎ বিরক, প্রকাশ রাজ, কৃষ্ণম রাজু, নিত্য মেনন, বাবা সেহগল ও ক্যাথেরিন ত্রেসা। প্রখ্যাত সুরকার ইলাইয়ারাজা এ ছবির পুরো সংগীত আয়োজন করেছেন। ছবির কস্টিউম ডিজাইন করেছেন নিতা লাল্লা।

সামি আল মেহেদী