চমকের নাম ‘ওয়েলকাম ব্যাক’
মারকুটে সব মবস্টার, কিন্তু তাদের কীর্তিকলাপ দেখে হাসতে হাসতে খুন হয়ে যাচ্ছেন তামাম দর্শক। ‘ওয়েলকাম’ ছবিটির কথাই বলা হচ্ছে। ছবিটির সঙ্গে জড়িয়ে গেছে প্রয়াত ফিরোজ খানের নাম। ২০০৭ সালে আনিস বাজমির এই সুপারহিট কমেডির সিকুয়াল ‘ওয়েলকাম ব্যাক’ হতাশ করেনি বক্স অফিসকে। এনডিটিভির খবরে জানা গেল, মুক্তির তিন দিনের মাথায়ই ৫০ কোটি আয় পেরিয়েছে এই তারকাবহুল ছবিটির।
আগের ছবির বেশ কয়েকজন এবারের ছবিতে নেই, তবে রয়ে গেছেন নানা পাটেকর, পরেশ রাওয়াল ও অনিল কাপুর। অক্ষয় কুমার নেই, এবারে রয়েছেন জন আব্রাহাম। এই অভিনেতাদের পারফরম্যান্সে দর্শক যে আপাতত মুগ্ধ, তা বলাই যায়। পুরোনো হলেও নানা পাটেকর বা অনিল কাপুরের এখনো ধার একফোঁটা কমেনি, বরং আরো চোখা হয়েছে—এ কথা বলছেন বলিউডের তাত্ত্বিকরাই। ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ, আয়-ব্যয়ের হিসাবের সঙ্গে বলতে দ্বিধা করেননি, ছবির পারফরম্যান্স বেশ ভালো!
দেশের বাজারের বাইরেও জমজমাট ব্যবসা করছে ‘ওয়েলকাম ব্যাক’। এরই মধ্যে ইন্টারন্যাশনাল স্ক্রিনিং থেকে আয় হয়েছে প্রায় ২২ কোটি রুপি।
আগেরবারের মতো এবারেও তারকাবহুল ফরম্যাটে নির্মাণ হয়েছে ছবিটি। এতে আরো রয়েছেন নাসিরুদ্দীন শাহ, ডিম্পল কাপাডিয়া, শ্রুতি হাসান, শাইনি আহুজা। এবারেও পরিচালকের চেয়ারে ছিলেন আনিস বাজমি।

সামি আল মেহেদী