সাহিত্যনির্ভর নাটকে আগ্রহী সামিহা
“‘সিকান্দার বক্স’ সিরিজের নাটকে অভিনয় করে আমি যতটা পরিচিতি ও সাড়া পেয়েছি, অন্য নাটকে অভিনয় করে সেটা পাইনি। তাই আমি বলব, আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ‘সিকান্দার বক্স’। এই নাটকে অভিনয়ের জন্য বাসার বাইরে বের হলে অথবা ফেসবুকে ভক্তদের অনেক প্রশংসা ও ভালোবাসা পাই। এটা কিন্তু একজন অভিনেত্রীর জন্য অনেক বড় পাওয়া।” কথাগুলো বলছিলেন মডেল ও অভিনেত্রী সামিহা খান।
এবার ঈদে ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’ নাটকটিতে বধূবেশে সামিহাকে দেখতে পারবেন দর্শক। এর আগে সামিহা বিয়ের সাজে জমকালো ফটোশুট করলেও এই নাটকে সাধারণ বিয়ের সাজে বউ হওয়ার অভিজ্ঞতা অনেক দারুণ বলে জানালেন তিনি।
সামিহা তাঁর সাবলীল অভিনয় দিয়ে দর্শক-হৃদয় জয় করেছেন। কিন্তু খুব কম নাটকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এ রকম হওয়ার কারণ কী? উত্তরে সামিহা বলেন, ‘প্রথমত, আমি ভালো গল্পে কাজ করতে চাই। দ্বিতীয়ত, এখন অনেক নাটক নির্মাণ হলেও দেখা যায়, অনেক নাটকই প্রচার হচ্ছে না। আমি আসলে এমনটা চাই না। আমি চাই, কাজের সংখ্যা কম হলেও আমার অভিনীত সব নাটক যেন দর্শক দেখে। তাই বেছে বেছে কাজ করতে পছন্দ করি আমি। এতে কাজের মান ঠিক থাকে এবং কাজ করেও আনন্দ পাওয়া যায়।’
অনেক চরিত্রে অভিনয় করেছেন। কী ধরনের চরিত্রে কাজ করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? প্রশ্ন শুনে সামিহা বললেন, ‘আমি সাহিত্যনির্ভর চরিত্রে কাজ করতে বেশি আগ্রহী। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাজ করতে আমার সব সময় অনেক ভালো লাগে।’
নাটকের কাজ করার অনুপ্রেরণা পরিবার থেকে কতটুকু পেয়েছেন? ‘অনেক। আমার পরিবারের সবাই আমার নাটক দেখেন এবং প্রশংসার পাশাপাশি অনেক সমালোচনাও করেন,’ জানালেন সামিহা।

নাইস নূর