দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন দোয়া
দীর্ঘ এক বছরের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও জামাতা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে দেশবাসীর কাছে দোয়া চান এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।’
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির কথাও জানিয়েছেন তাঁর ছেলে মিরাজুল মইন জয়। তিনি বলেন, ‘বাবা আগের চেয়ে অনেকটা ভালো আছেন।’
গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছিলেন তিনি। সেখানে হাসপাতালের পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও চিকিৎসা নেন। পরে আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে একটি সফল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষায় তার ব্রেন ক্যানসার ধরা পড়ে।
অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি দেওয়া হয়। পরে আরও দুই ধাপে ওরাল থেরাপি সম্পন্ন করেন তিনি।
পারিবারিক সূত্র জানিয়েছে, চিকিৎসার বড় একটি ধাপ শেষ করে দেশে ফিরলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর পরবর্তী চিকিৎসা চলমান থাকবে।

বিনোদন ডেস্ক