বিয়ে হচ্ছে স্বাগতার
এ বছরের ৪ মে চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বাগদান হয় অভিনেত্রী ও সংগীতশিল্পীর স্বাগতার। তখনই স্বাগতা বলেছেন এই বছরই বিয়ে করবেন তিনি। সেই কথাও রেখেছেন স্বাগতা। আগামীকাল বুধবার স্বাগতার মগবাজারের বাসায়, খুব ছোট পরিসরে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানান স্বাগতা।
কাল বিয়ে, কিন্তু আজও ঈদ অনুষ্ঠানের শুটিং আছে বলে জানালেন জনপ্রিয় এই তারকা। বিকেলে বৈশাখী টেলিভিশনের একটি অনুষ্ঠানে রেকর্ডিংয়ে অংশ নেবেন তিনি। আগামী বছর ফেব্রুয়ারিতে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান স্বাগতা।
স্বাগতা বলেন, ‘নতুন জীবনে পা রাখতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
স্বাগতার বর চিত্রগ্রাহক রাশেদ জামান সম্প্রতি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবির কাজ শেষ করেছেন। অমিতাভ রেজার সঙ্গে অনেক বিজ্ঞাপনের কাজ করেছেন রাশেদ জামান। দক্ষ চিত্রগ্রাহক হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে।

নাইস নূর