মুক্তি পেল ‘তামাশা’র ট্রেলার
কর্সিকায় যা ঘটবে, কর্সিকাতেই রয়ে যাবে। এমনই শর্ত জুড়ে ফরাসি দ্বীপ কর্সিকায় দেখা হলো ছুটি কাটাতে আসা দুই তরুণ-তরুণীর। এ সময়ে তারা প্রতিজ্ঞা করল, নিজেদের ব্যাপারে একে অন্যকে মিথ্যা ছাড়া সত্যি কোনো কথাই বলবে না! এই মিথ্যা থেকে প্রেম, তার পরে ছুটি শেষে নেমে আসা বিচ্ছেদ। কিন্তু এখানেই কি গল্পের শেষ? জানতে হলে দেখতে হবে ইমতিয়াজ আলির ছবি ‘তামাশা’। এনডিটিভির খবরে পাওয়া গেল ‘তামাশা’র সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার এবং প্রারম্ভিক গল্প।
ইমতিয়াজ আলির ডিরেক্টরিয়াল সিগনেচারে প্রকৃতি আর তার সঙ্গে চরিত্রের মিশে যাওয়া বেশ স্বাভাবিক ব্যাপার। বলা যায় ‘জাব উই মিট’ ছবির কথা। তেমনিভাবে, রণবীর-দীপিকা জুটির কামব্যাক মুভি ‘তামাশা’তেও দেখা মনোমুগ্ধকর কর্সিকার রূপ। তার সঙ্গে ব্যস্ততা আর বাস্তবতা থেকে খানিক সময়ের জন্য পালানো দুই তরুণ-তরুণীর উচ্ছ্বাসের গল্প।
‘তামাশা’ নিয়ে এখন জোরদার প্রচারে ব্যস্ত ছবির কলাকুশলীরা। বেশি দিন বাকি তো আর নেই, নভেম্বরের ২৭ তারিখে মুক্তি পেতে যাচ্ছে ইউটিভি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি। এই ছবি আবার পরিচালক এবং কলাকুশলীদের একটি রি-ইউনিয়নও বটে! ইমতিয়াজ রণবীরকে নিয়ে বানিয়েছিলেন ‘রকস্টার’, দীপিকাকে নিয়ে ‘লাভ আজকাল’। অন্যদিকে ‘বাঁচনা অ্যায় হাসিনো’ এবং ২০১৩ সালের ব্লকবাস্টার হিট ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র পর আবার এক হচ্ছেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

সামি আল মেহেদী