ঈদে বিদ্যুতের ‘ড্যান্সিং মাহি’
সোহেল রানা বিদ্যুৎ এ সময়ের ব্যস্ত টিভি প্রযোজক। বর্তমানে তিনি আরটিভিতে প্রযোজক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর প্রযোজনায় ‘আমি আর মা’ ও ‘লেট নাইট কফি’সহ বেশ কিছু অনুষ্ঠান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া তাঁর প্রযোজনায় গত বছর ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালী ঠাকুর প্রথম বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে আমন্ত্রিত হয়ে আসেন এবং সরাসরি গান পরিবেশন করেন। আজ আরটিভিতে বিকেল সাড়ে ৫টায় ঈদ উপলক্ষে প্রচার হবে ‘ড্যান্সিং মাহি’। নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে বিশেষ এই অনুষ্ঠানও প্রযোজনা করেছেন বিদ্যুৎ। এ অনুষ্ঠানে মাহি অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলোর সঙ্গে মাহিকে নাচতে দেখা যাবে। ফলে দর্শক পুরোনো গান ও মাহিকেই দেখতে পাবেন, কিন্তু নতুন উপস্থাপনায়—এমনটাই মনে করেন প্রযোজক। বিদ্যুৎ প্রযোজনা করে খ্যাতি পেলেও তাঁর শুরুটা হয়েছিল মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে। এনটিভি অনলাইনের সঙ্গে তিনি কথা বলেছেন তাঁর কাজের শুরু, ভবিষ্যৎ পরিকল্পনা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে।
যেভাবে প্রযোজনার কাজ শুরু
আমি নাগরিক নাট্যদলের সদস্য ছিলাম। মঞ্চ দিয়েই আমি আমার ক্যারিয়ারের যাত্রা শুরু করি। কিছুদিন মঞ্চনাটক করে লেখালেখিতে একটু মনোযোগ দিই। এর পর আজকের কাগজ পত্রিকায় সাপ্তাহিক বিনোদন পাতায় নিয়মিত কিছুদিন লিখি। ২০০২ সালে একুশে টেলিভিশনে আমি প্রথম কাজ শুরু করি। এর পর এটিএন বাংলায় দুই বছর ও চ্যানেল ওয়ানে পাঁচ বছর কাজ করি। এর পরেই আরটিভিতে প্রযোজক হিসেবে যোগ দিই। আমার প্রযোজনায় শিল্পীরা কাজ করবেন, এটা আমার স্বপ্ন ছিল। তাই প্রযোজনা অনেক উপভোগ করি।
‘আমি আর মা’ অনুষ্ঠানটি করার পরিকল্পনা
অনুষ্ঠানটি যখন আমি শুরু করি, তখন আমার মা বেঁচে ছিলেন। নিজের মায়ের প্রতি ভালোবাসা থেকে অনুষ্ঠানটি আমি প্রযোজনা করার পরিকল্পনা করি। কিন্তু দুঃখের বিষয়, অনুষ্ঠানটি এখনো ভালোভাবে চলছে, তবে আমি আমার মাকে হারিয়েছি। আমার মা ও বাবা ২০১৩ সালে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখন যখন অনুষ্ঠানটি প্রচার হয়, তখন আমি আরো অনেক মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি এবং প্রযোজনায় সর্বোচ্চ ভালো করার প্রয়াস চালাই।
ভালো অনুষ্ঠান প্রযোজনা করার প্রথম শর্ত
টিভিতে প্রযোজনার কাজটা অনেক বুঝেশুনে করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের ওপর অনেক পড়াশোনা করতে হবে। কাজটা দায়িত্বের সঙ্গে করতে হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা
আমি চলচ্চিত্র নির্মাণ করতে চাই। একটা ভালো চলচ্চিত্র বানাতে যা যা প্রস্তুতি প্রয়োজন, সবই আমি করছি। এখন দেখা যাক কী হয়। শুধু বলতে চাই, আমার ছবিতে চমক থাকবে।
আপনার অনুপ্রেরণা কারা
আমার অফিসের সিইও সৈয়দ আশিক রহমান ও অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রাকিব। এ ছাড়া আমার ভাই শিবলী সালেহ জিয়া ও অভিনেতা আবদুন নূর সজল আমাকে সব সময় অনুপ্রেরণা দেন।

নাইস নূর