শুটিং সন্দেশ
বধূবেশে পরীর অপেক্ষা
গতকাল ২৯ সেপ্টেম্বর বিএফডিসির মুক্তিযোদ্ধা জসিম শুটিং ফ্লোরে শুরু হয়েছে শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবির কাজ। শুটিংয়ে গিয়ে দেখা যায়, বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নায়িকা পরী মণি। বিয়ে করবেন অমিত হাসান। পথের কাঁটা শাকিব খানকে খুন করেই পরী মণিকে বিয়ে করছেন অমিত হাসান। পরী বউ সেজে খুশি মনে বসে আছেন, তাঁর মধ্যে কোনো দুশ্চিন্তা নেই। কারণ, তিনি জানেন শাকিব আসবে। এমন একটি দৃশ্যেরই শুটিং হলো গতকাল। আর এর মধ্য দিয়েই শেষ হচ্ছে ছবিটির দৃশ্য ধারণের কাজ। বাকি থাকবে তিনটি গানের শুটিং।
পরিচালক শফিক হাসান বলেন, ‘আমরা ছবির শেষ দৃশ্যটি ধারণ করছি। আগামীকাল শেষ হয়ে যাবে। বছরের শেষের দিকে ছবিটি রিলিজ দেওয়ার চিন্তা করে কাজগুলো শেষ করছি। শুটিংয়ের পাশাপাশি সম্পাদনার কাজও চলছে পুরোদমে। এবারের এই শুটিং শেষ হলে ছবিটির ডাবিংয়ের কাজটাও শেষ করব। ডাবিং শেষ করেই আমরা টানা তিনটা গানের শুটিং শেষ করতে পারলেই ছবি সেন্সর বোর্ডে জমা দেব। আমরা ছবিটা অনেক যত্ন করে বানাচ্ছি, আধুনিক সময়ের একটি ছবি আমরা দর্শককে উপহার দিতে চাই।’
গত বছর নভেম্বরে শুরু হয়েছিল শফিক হাসানের ‘ধূমকেতু’ চলচিত্রের শুটিং। ছবিটিতে অভিনয় করছেন শাকিব খান ও পরী মণি। পরী ছাড়াও শাকিবের বিপরীতে দেখা যাবে নবাগত তানহা তাসনিয়াকে। এ ছাড়া ছবিটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন চলচ্চিত্রের আলোচিত নায়িকা হ্যাপি নাজনীন। ছবিটিতে শাকিব, পরী, তানহা ও হ্যাপি ছাড়া আরো অভিনয় করেছেন অমিত হাসান, আলীরাজ, দিতি, রেবেকা, ডন, শিবা সানু, শিমুল খানসহ আরো অনেকে।

মাজহার বাবু