আজ এনটিভিতে ‘চেইন ক্যাফে’
অপর্ণা ঘোষ ও জ্যোতিকা জ্যোতি তাঁরা দুজনই ছোটপর্দার প্রিয় মুখ। সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে তাঁরা তাঁদের শক্ত অবস্থান দর্শকদের কাছে করে নিয়েছেন। সাধারণত চরিত্র ও গল্পনির্ভর নাটকে তাঁদের বেশি উপস্থিতি। তাঁরা দুজনেই একই ফ্রেমে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘চেইন ক্যাফে’। শিবব্রত বর্মণের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হাবিব। ‘চেইন ক্যাফে’ নাটকটি আজ রাত ৯.০৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
অপর্ণা ঘোষ, জ্যোতিকা জ্যোতি ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন কর্ণ, ফারাবি, নিশো ও বর্ষণ।
‘চেইন ক্যাফে’ নাটকের গল্পে দেখা যাবে, ‘হঠাৎ এই শহরে একটি নারী ছদ্মবেশ ধারণ করে। সেই নারীটি বসে থাকে ক্যাফের নির্জন কোনায়। প্রতিদিন একই সময়ে সে অপেক্ষা করে তাঁর ছেলেবন্ধুর জন্য। অবশেষে একদিন সেই যুবক আসে। কফি অর্ডার করার পর তাঁরা ঝগড়া করতে শুরু করে। বারোয়ারি তর্ক শেষ করে সেই যুবক চলে যায়। মেয়েটি চোখ মোছে। কাউন্টারের পেছনে থেকে ওয়েটার যুবকটি নিবিড়ভাবে এই দৃশ্য দেখে। চরিত্র বদলে সেই ওয়েটার যুবকটি প্রেমিকের ছদ্মবেশ নেয়, বসে থাকে ক্যাফের নির্জন কোনায়। অপেক্ষা করে তাঁর মেয়েবন্ধুর জন্য। তারপর পেন্সিল হিলের শব্দ তুলে মেয়েটা আসে। চলতে থাকে পুরোনো গল্পের নতুন মহড়া। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।’

নাইস নূর