বিয়ের পর যেভাবে কাটছে উর্মিলার প্রথম পূজা
মডেল-অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর চলতি বছরের ২৯ এপ্রিল বিয়ে করেন। তাঁর বর জয়দ্বীপ সিনহা রায় বেসরকারি সংস্থা ব্র্যাকের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এই প্রথম শারদীয় দুর্গাপূজা পালন করছেন উর্মিলা। তবে বাংলাদেশে নয়, কলকাতায় শ্বশুরবাড়িতে তিনি পূজা পালন করছেন। সঙ্গে রয়েছেন তাঁর বর।
উর্মিলার শ্বশুরবাড়ি কলকাতায় হলেও তাঁরা সবাই ঢাকায় থাকেন। দুর্গাপূজা উপলক্ষে সপরিবারে কলকাতায় গেছেন বলে জানান উর্মিলা। পূজা শেষ করে ২৫ অক্টোবর তাঁরা ঢাকায় ফিরবেন। কলকাতায় সপরিবারে অনেক আনন্দে পূজার দিনগুলো কাটছে বলে জানান জনপ্রিয় এই অভিনেত্রী।
উর্মিলা বলেন, ‘বিয়ের পর প্রথম পূজা করছি, তা-ও আবার দেশের বাইরে। দেশের সবাইকে মিস করছি। এখানেও পূজা করতে বেশ লাগছে। সবাই অনেক আন্তরিক। বলতে পারেন, এবারের পূজা আমার ভিন্নভাবেই কাটছে। পুরোপুরি নতুন পরিবেশের মধ্যে ডুবে আছি। তার পরও পুরো সময় আমি উপভোগ করছি।’
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে এবার দুটি নাটকে দর্শক উর্মিলাকে দেখতে পাবেন। নাটক দুটি হলো চয়নিকা চৌধুরী পরিচালিত ‘তুমি সুন্দর হে’ এবং গৌতম কৌরীর ‘বিজয়শঙ্খ’। এ ছাড়া আরটিভির একটি অনুষ্ঠানেও উর্মিলাকে দেখা যাবে।
পূজার মজার সব ঘটনা ও আড্ডা নিয়ে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুৎ। উর্মিলা ছাড়াও এ আড্ডায় আরো আছেন বাপ্পা মজুমদার, মিম ও অপর্ণা।

নাইস নূর