আজ এনটিভিতে রিয়াজ-তিশার ‘শিশির কণা’
গেল রোজার ঈদে রিয়াজ-তিশা অভিনীত ‘শিশির কণা’ নাটকটি এনটিভিতে প্রচারিত হয়েছিল। নাটকটি প্রচারের পর বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে বলে জানান নাটকের পরিচালক আবু হায়াত মাহমুদ। নাটকটি আবারো আজ রাত ১১টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
এ প্রসঙ্গে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘নাটকটি আবারো প্রচারিত হচ্ছে জেনে অনেক ভালো লাগছে। নাটকের গল্পটি লিখেছেন তাবারুক হোসেন ভুঁইয়া। অনেক ভালো লেখেন তিনি। নাটকে আবীর ও বৃষ্টি চরিত্র দুটির মতো অনেক ছেলেমেয়ে আমাদের সমাজে আছে। আবীর ও বৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন আমার প্রিয় দুই অভিনয়শিল্পী রিয়াজ ও তিশা। রিয়াজ-তিশা ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন শবনম ফারিয়া, রমিজ রাজু, রাকা।’
‘শিশির কণা’ নাটকের গল্পে দেখা যাবে, ‘আবীর আর বৃষ্টি সম্পূর্ণ দুই চরিত্রের মানুষ। বৃষ্টি যতটাই আবেগপ্রবণ, আবীর ততটাই বাস্তববাদী। নব্য লেখক আবীর এখনো বেকার। আবেগে পড়ে বৃষ্টি একরকম জোর করেই আবীরকে বিয়ে করে বসে। যেহেতু সে প্রতিভাবান, তাই বৃষ্টির বিশ্বাস ছিল যে আবীরের এই বেকারত্ব ক্ষণস্থায়ী। আর সংসারের চাপে যাতে তার লেখালেখি ব্যাহত না হয়, তাই বৃষ্টি নিজেই একটা চাকরি জোগাড় করে নেয়। এর পরই শুরু হয় তাদের দাম্পত্য কলহ, যার দায় আসলে আবীরের ওপরই বেশি বর্তায়। আবীর তার ভাবলেশহীন জীবন থেকে বের হতে পারে না। আর বৃষ্টিরও তার চারপাশের নতুন নতুন মানুষকে দেখে আবীরের কাছ থেকে একটা তুলনামূলক প্রত্যাশা সৃষ্টি হতে থাকে।’

নাইস নূর