আজ এনটিভিতে প্রভার ‘আপটাউন ফাঙ্ক’
ছোট পর্দার জনপ্রিয় জুটি সাদিয়া জাহান প্রভা ও শ্যামল মাওলা। একসঙ্গে জুটি বেঁধে তাঁরা অনেক ভালো নাটক দর্শককে উপহার দিয়েছেন। আজ এনটিভিতে রাত ৯টায় প্রচারিত হবে তাঁদের দুজনের একক নাটক ‘আপটাউন ফাঙ্ক’। নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। নাটকটিতে প্রভা ও শ্যামল ছাড়া আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু ও ওয়াহিদ মার্শাল।
‘আপটাউন ফাঙ্ক’ নাটকের গল্পে দেখা যাবে, চারুকলায় পড়াশোনা করতে চায় জয়া। খুবই সিরিয়াস জীবনের ব্যাপারে, সংসারের ব্যাপারে। অন্যদিকে এ ব্যাপারে একদমই সিরিয়াস নয় মনন। জয়ার সবচেয়ে কাছের বন্ধু, ভালোবাসার মানুষ সে। মনন জয়াকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু ভালোবাসা তার একমাত্র ধ্যান-জ্ঞান নয়। মনন অনেক বড় কিছু হতে চায়। সে ভালো গান গায়, গান লেখে। কম্পোজিশনও করে ভালো। তার প্রতিভাকে ব্যবহার করে স্বার্থসিদ্ধি করে নিচ্ছে বন্ধু মার্শাল। তাতে মননের কিছু এসে যায় না। সে জানে, এই বন্ধুর সহায়তায় সে একদিন অনেক বড় রকস্টার হয়ে উঠবে। জয়ার প্রতি অনুরক্ত বন্ধু মার্শাল মননকে বোঝায়, তার একটা বিরহ দরকার। বন্ধুর কথা খুব মানে মনন। রকস্টার হওয়ার জন্য সে প্রেম বিসর্জন দিতেও রাজি হয়। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

নাইস নূর