শীতে রাতভর শুটিং করলেন সোহানা সাবা
নাটকের নাম ‘বধূদর্শন’। গল্পটা একটি রাতকে ঘিরে। আর সেই নাটকের জন্য শীতে রাতভর শুটিং করেছেন অভিনেত্রী সোহানা সাবা।
গতকাল শনিবার ঢাকা এবং গাজীপুরের কয়েকটি স্থানে নাটকের শুটিং হয়। আজ রোববার সকালে শুটিং শেষ হয়।
রাতভর শুটিং প্রসঙ্গে সাবা এনটিভি অনলাইনকে বলেন, ‘আসলে নাটকের গল্পই হলো এক রাতকে ঘিরে। তাই সারা রাত ধরে সবাই শুটিং করেছি। আর দীর্ঘদিন পর রোকেয়া প্রাচী আন্টির সঙ্গে কাজ করছি। তাই ভালোলাগার পরিমাণও ছিল অনেক বেশি’।
‘বধূদর্শন’ নাটকটির রচয়িতা মান্নান হীরা। পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী। নাটকে সোহানা সাবার সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
২০০১ সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘বিপ্রতীপ’ নাটকে রোকেয়া প্রাচীর সঙ্গে সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন সোহানা সাবা। এবার তাঁরই (রোকেয়া প্রাচী) কোনো নাটকে অভিনেত্রীর ভূমিকায় সাবা। এ জন্য তাঁর উচ্ছ্বাসটা একটু বেশি।
‘বধুদর্শন’ নাটকে সাবা আর ইরফানকে পালিয়ে বিয়ে করতে দেখা যাবে। নাটকের একটি দৃশ্যে ইরফান তাঁর দাদির বাড়ি গাজীপুরের পুবাইলে সাবাকে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন। পথেই ঘটে যায় নানা ঘটনা-দুর্ঘটনা।
বধূদর্শন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানান সোহানা সাবা। তবে নাটকটি কবে মুক্তি পাচ্ছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

নাইস নূর