ভালোবাসা দিবসের নাটক
রোমিও হলেন নিশো, জুলিয়েট তিশা
অভিনয়শিল্পী তিশা, পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর ধারে কাঁধে ব্যাগ নিয়ে হাঁটছেন। এমন সময় একদল ছিনতাইকারী এসে তাঁকে আক্রমণ করল। তিশার ব্যাগে যা আছে ছিনিয়ে নিতে চাইল তারা। ছিনতাইকারীর হাতে ছুরি দেখে ঘাবড়ে গেলেন তিশা। ঠিক সে মুহূর্তে নিশো এসে উদ্ধার করলেন তিশাকে।
বুঝতেই পারছেন এটি একটি নাটকের দৃশ্য। গতকাল সোমবার শীতের বিকেলে বুড়িগঙ্গার তীরে নাটকের শুটিং করছিলেন তিশা ও নিশো। নাটকের নাম ‘রোমিও জুলিয়েট’। নাটকে তিশাকে জুলিয়েট ও নিশোকে রোমিও চরিত্রে দেখতে পাবেন দর্শক। এবারই প্রথম রোমিও ও জুলিয়েট চরিত্রে অভিনয় করছেন তাঁরা দুজন।
উইলিয়াম শেকসপিয়রের লেখা এই গল্পের নাট্যরূপ দিয়েছেন সারওয়ার রেজা জিমি ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাটকটিতে পুরান ঢাকার ভাষা ব্যবহার করা হয়েছে। কারণ, নাটকে রোমিও ও জুলিয়েট দুজনই পুরান ঢাকার বাসিন্দা। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে। এমনটিই জানালেন নাটকের পরিচালক তুহিন হোসেন।

তুহিন বলেন, “নাটকে ‘রোমিও জুলিয়েট’ গল্পের খুব বেশি পরিবর্তন করা হয়নি। সবকিছুই ঠিক আছে। নাটকের শেষে রোমিও জুলিয়েটের মৃত্যুও দেখানো হবে।”
এদিকে, দেশের দর্শকের কথা চিন্তা করেই নাটকে ঢাকাইয়া ভাষার সংলাপ ব্যবহার করা হয়েছে বলে জানান পরিচালক। তুহিন বলেন, “শেকসপিয়রের ‘রোমিও জুলিয়েট’ গল্প কারো অজানা নয়। আমার নাটকটি দর্শক তাহলে কেন দেখবে? তাই নাটকে ঢাকাইয়া ভাষার সংলাপ ব্যবহার করেছি, যাতে দর্শক বিনোদন পান। এ ছাড়া আরো অনেক চমক রয়েছে। তিশা ও নিশো চমৎকার অভিনয় করেছেন। আশা করছি, নাটকটি দেখে দর্শক নিরাশ হবেন না।”

‘রোমিও জুলিয়েট’ নিয়ে পরিচালক আর বেশি কথা না বাড়িয়ে নতুন একটি শট নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন। তখন বিকেল গড়িয়ে গোধূলি। বাইক চালিয়ে শট দিতে প্রস্তুত হলেন নিশো। তিশাও রেডি। পরিচালকের অ্যাকশন কথা শোনার সঙ্গেই বাইক চালাতে শুরু করলেন নিশো। পথে দেখতে পেলেন তিশাকে। এভাবেই নাটকের আরেকটি দৃশ্য ধারণ করা হলো। এরই মধ্যে সন্ধ্যা নেমেছে। বাকি শটগুলো নেওয়া হবে রাতে। তাই ইউনিটের সবাইকে বিদায় জানিয়ে আমরা অফিসের উদ্দেশে রওনা দিলাম। আমাদের বিদায় জানালেন তিশা ও নিশো।

নাইস নূর