উপস্থাপনাই আমব্রিনের মূল লক্ষ্য
এ সময়ের জনপ্রিয় উপস্থাপক আমব্রিন। শুধু উপস্থাপনা নয়, বিজ্ঞাপন, মডেলিং ও নাটকে অভিনয় করেও তিনি পেয়েছেন খ্যাতি। তবে অভিনয় নয় আমব্রিনের মূল লক্ষ্য নাকি উপস্থাপনা। এমনটিই জানালেন তিনি।
আমব্রিন প্রথম উপস্থাপনা করেন এনটিভির ‘মিউজিক-ই ফোনি’ অনুষ্ঠানে। সেটা কয়েক বছর আগের কথা। এরপর অসংখ্য টিভি অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা গেছে আমব্রিনকে। এখনো তিনি নিয়মিত উপস্থাপনা করছেন। তবে আমব্রিনকে এখন খেলার মাঠে বেশি উপস্থাপনা করতে দেখা যায়।

বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) তৃতীয় আসরে উপস্থাপনা করে শুধু দেশে নয়, দেশের বাইরেও পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গেল বছর ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার বিশ্ব সেরা পাঁচ আবেদনময়ী নারী ক্রিকেট উপস্থাপকের তালিকা প্রকাশ করেছিল। সেখানে চার নম্বর উপস্থাপক হিসেবে ছিল আমব্রিনের নাম। এ অর্জন আমব্রিনের কাছে অনেক মূল্যবান বলেই মনে করেন তিনি।
আমব্রিন বলেন, ‘উপস্থাপনা আমার ভালোবাসার জায়গা। শুধু দেশে নয়, বাইরেও উপস্থাপনা করার আগ্রহ রয়েছে আমার। আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে নিয়ে যেতে চাই। সেভাবে প্রস্তুত করছি নিজেকে। এটিএন বাংলায় প্রচারিত রিয়েলিটি শো ড্যানিশ মনসুন ফিল্মস ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উপস্থাপনা করব আমি ও দেবাশীষ বিশ্বাস। আপতত এই কাজ নিয়ে ব্যস্ত আছি।’
এ ছাড়া সামনে আরো নতুন কিছু কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন বলে জানান আমব্রিন।

নাইস নূর