আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এনটিভির আয়োজন
আগামীকাল রোববার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনটিভি আয়োজন করেছে নানা অনুষ্ঠান। ভাষা দিবসের নাটক প্রচারের পাশাপাশি এনটিভি সরাসরি সম্প্রচার করবে একুশ আমার অহংকার অনুষ্ঠানটি। চলুন দেখে নিই, আগামীকাল এনটিভির পর্দায় কী থাকছে।
বিশেষ অনুষ্ঠান : একুশ আমার অহংকার
দুপুর ২টা ৩০ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘একুশ আমার অহংকার’।
৫২-এর ভাষা আন্দোলনে কী হয়েছিল তার পূর্বাপর এবং পরবর্তীকালে তার পরিণত অবস্থা কেমন তাই-ই গান, আবৃত্তি, আলোচনা সহকারে এনটিভি স্টুডিও, বইমেলা ও টিএসসি থেকে প্রতিবেদনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বিশেষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু, আবৃত্তিকার মাহিদুল ইসলাম, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সংগীতশিল্পী অনিমা রায়। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জাহাঙ্গীর চৌধুরী।
ভাষা নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান : বর্ণমালার সাথে
ভাষা নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বর্ণমালার সাথে’র চূড়ান্ত পর্ব প্রচারিত হবে আগামীকাল রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। মোট ২১টি পর্ব দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন অধ্যাপক সৌরভ শিকদার।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মূলত বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন ভাষাবিদ, শিক্ষাবিদ, গবেষক, অধ্যাপক ও বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিশেষ নাটক : নায়ক
আগামীকাল রোববার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘নায়ক’। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, এফ এস নাইম, মৌটুসী বিশ্বাস, নাদিয়া, আইরিন ঝরা, তানি, রাসেল প্রমুখ।
‘নায়ক’ নাটকের গল্পে দেখা যাবে, ‘শীতকালীন ভ্রমণে বেরিয়েছেন কিছু শহুরে মানুষ। বিভিন্ন বয়স আর শ্রেণি-পেশার আদিবাসী যুবতী তারা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া যুবক অর্ণবের সঙ্গে তাঁর প্রেমিকা ফারিয়া, বিদেশিনী নারীও আছেন একজন লিলিয়ানা, তাঁর করপোরেট গাইড হিসেবে কাজ করছে রবিন। একটি বাকপটু বাচ্চা ছেলে আর তার মা। আছে প্রেমিক-প্রেমিকা, একাকী নারী, রহস্যময় এক লোক। বাস এগিয়ে যাচ্ছে আর সবার মধ্যে কলরব বেড়ে চলেছে। বাংলা-ইংরেজির মিশ্রণে ক্রমশ শব্দদূষণ হতে থাকে চারপাশ। রহস্যময় লোকটির খুব অসহ্য লাগে। এতক্ষণে বাসের সিটে বসে একা একা দাবা খেললেও একসময় আর নীরব থাকতে পারে না। অন্যরূপে আবির্ভূত হয় রহস্যমানব।’


নাইস নূর