মাঠে খেলা দেখার জন্য শুটিং বাতিল করেছি : তৌসিফ
মডেল ও অভিনেতা তৌসিফ মাহবুব ভীষণ ক্রিকেটপ্রেমী। মজার বিষয় হচ্ছে, আগে কখনোই মাঠে খেলা দেখতে যাননি তিনি। কারণ আর কিছুই নয়, নিদারুণ আলসেমি! এবারেই প্রথম এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন তিনি। জয় নিয়ে মাঠ থেকে তিনি বের হয়েছেন বেশ উচ্ছ্বসিত হয়েই। সেদিনই তৌসিফ পরিকল্পনা করেছিলেন, যেভাবেই হোক ফাইনাল খেলা দেখতে যাবেন তিনি।
কিন্তু হঠাৎ করেই আজ রোববার ফাইনাল ম্যাচের দিনে নাটকের শুটিংয়ের তারিখ পড়ে গিয়েছিল তৌসিফের। তাতে কী, খেলা তো তিনি দেখবেনই। তাই সে জন্য আজ শুটিংই বাদ দিয়েছেন।
এনটিভি অনলাইনকে তৌসিফ বলেন, ‘আজ মাঠে খেলা দেখার জন্য শুটিং বাতিল করেছি। খেলা দেখার নেশায় আমি এখন অস্থির। অভিনয়ে মন দিতে পারব না। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’
বাংলাদেশের কোন ক্রিকেটারের খেলা বেশি ভালো লাগে—জানতে চাইলে তৌসিফ বলেন, ‘মাশরাফির খেলা আমার ভীষণ পছন্দ। এমনকি তাঁকে দেখলেও আমি এনার্জি পাই। কারণ, মাশরাফিকে দেখলেই মনে হয় আমরা জিতব।’

নাইস নূর