ইমন-অপ্সরার ‘স্বপ্নের রাজকুমারী’
গত বছর ‘ফ্যাশন ঢাকা ডটকম’ নাটক দিয়ে বিনোদন জগতে আত্মপ্রকাশ করে ওশান এন্টারটেইনমেন্ট। নাটকটিতে অভিনয় করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় নায়ক নিলয় এবং নতুন অভিনেত্রী অপ্সরা সুহি।
এরপর একে একে বেশকিছু নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। খুব অল্প সময়ে প্রতিষ্ঠানটির নির্মিত নাটক ও টেলিফিল্মগুলো মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
এরই ধারাবাহিকতায় ওশান এন্টারটেইনমেন্ট ‘স্বপ্নের রাজকুমারী’ নামের একটি টেলিফিল্মের কাজ শেষ করেছে কিছুদিন আগে। এই টেলিফিল্মে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী অপ্সরা সুহি। সিলেটের বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে।
সম্প্রতি ওশান এন্টারটেইনমেন্টের ব্যানারে একটি মেগা সিরিয়াল নির্মাণের কাজ চলছে। পর্যায়ক্রমে ভিন্নধর্মী পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার এ এফ জুয়েল।
এনটিভি অনলাইনকে জুয়েল বলেন, ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করার পরিকল্পনা আমাদের রয়েছে। নাটক ও টেলিফিল্মের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও কাজ করার ইচ্ছে রয়েছে আমাদের। ইলেকট্রনিক মিডিয়া এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে বিনোদন জগতে পরিবর্তন আনা যায় সে উদ্দেশে কাজ করে যাচ্ছি আমরা।


মাজহার বাবু