সাধক জালাল উদ্দিন খাঁকে নিয়ে ‘তারায় তারায় রচিত’
এনটিভির নিয়মিত সাপ্তাহিক সংগীতায়োজন ‘তারায় তারায় রচিত’ অনুষ্ঠানটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একজন কিংবদন্তি শিল্পীর ওপর আলোচনা ও তাঁর গান নিয়েই মূলত অনুষ্ঠানের আয়োজন। আজ সোমবার রাত ৯টা ৫ মিনিটে অনুষ্ঠানটির ২৩তম পর্ব এনটিভিতে প্রচার হবে।
অনুষ্ঠানে আজকের আলোচ্য ব্যক্তি মরমি সাধক জালাল উদ্দিন খাঁ। লৌকিক ঐতিহ্যের এই অবিস্মরণীয় মরমি সাধক ১৮৯৪ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ১৯৭২ সালের ৩১ জুলাই। বিংশ শতাব্দীর বিশ থেকে ষাটের দশক অবধি প্রাকৃত বাঙালিজনের এই গীতিকবি তাঁর সাধনায় সক্রিয় ছিলেন। আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, লোকতত্ত্ব, দেশতত্ত্ব ও বিরহতত্ত্বের নামাঙ্কিতের মাঝে জালালউদ্দিন সহস্রাধিক গান রচনা করেছিলেন।
অনুষ্ঠানে আজ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীতশিল্পী সুনীল কর্মকার এবং বিশিষ্ট গবেষক ও লেখক সুমন কুমার দাশ। এনটিভির নির্বাহী প্রযোজক আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারাহ শারমিন।
এনটিভি অনলাইনকে আলফ্রেড খোকন বলেন, ‘মরমি সাধক জালাল উদ্দিন খাঁর কথা আমরা সবাই মনে রেখেছি। আজকের পর্বে তাঁর লেখা কিছু জনপ্রিয় গান পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী সুনীল কর্মকার এবং তাঁর গান ও জীবন-দর্শন নিয়ে কথা বলবেন গবেষক ও লেখক সুমন কুমার দাশ। আশা করছি, অনুষ্ঠানটি দর্শক উপভোগ করবেন।’
এ ছাড়া এপ্রিল মাসজুড়ে জালাল উদ্দিন খাঁকে ঘিরে থাকবে ‘তারায় তারায় রচিত’-র আয়োজনমালা, এমনটিই জানিয়েছেন আলফ্রেড খোকন।

নাইস নূর