‘ছেঁড়াদ্বীপে’ নিলয়-তিশা
নিলয়-শখের জুটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন নাটকের মাধ্যমে। তবে এবার নতুন জুটি বাঁধতে যাচ্ছেন নিলয়, অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে। ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘ছেঁড়াদ্বীপ’ নাটকেই দেখা যাবে এ দুই তারকাকে।
নাটকের গল্প নিয়ে রেজা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের গল্পটা এমন, কুয়াকাটার মিস্ত্রীপাড়ায় সর্বজনের চেনা, চঞ্চল ও হাস্যোজ্জ্বল অপূর্ব সুন্দরী যুবতী মেয়ে মহুয়া। রাখাইন পরিবারে বেড়ে উঠলেও কোনো রাখাইন মায়ের কোলে জন্মেনি সে। মহুয়ার যখন দুই-তিন বছর, তখন তার বাবা তাকে এথানচিং সমুদ্র তীরে কুড়িয়ে পেয়েছিল। সেই থেকে মহুয়া এ পরিবারে বেড়ে ওঠে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—কোন ধর্মের পরিবারে ওর জন্ম, তা কারো জানা নেই। তাই তাকে বিয়ে করতে নারাজ রাখাইন গোত্রের সব পরিবার। একদিন আবির নামে এক যুবকের আগমন ঘটে। সমুদ্র তীর ঘেঁষে রাখাইন জাতিদের সারি সারি মাচান ঘরের বসতবাড়ি আকৃষ্ট করে তাকে। সেখানে মহুয়ার সঙ্গে দেখা মিলে আবিরের। ভাঙা ভাঙা বাংলা ভাষায় কথা শুনে আরো মুগ্ধ হয়। মহুয়ার দুর্বিষহ জীবনে আবিরের হাতছানিই যেন স্বপ্নের বাসা বাঁধে। ঠিক তখনই আবিরের কুয়াকাটায় আসার উদ্দেশ্য শুনে থমকে যায় মহুয়া।’
নাটকটির শুটিং সম্প্রতি সমুদ্রসৈকত কুয়াকাটার বিভিন্ন লোকেশনে করা হয়েছে। জোয়ার-ভাটা টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ নাটক চ্যানেল আইয়ে ১৩ এপ্রিল দুপুরের সংবাদের পর প্রচার হবে বলে নির্মাতা জানান।

মাজহার বাবু