নববর্ষ উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন
বাংলা নববর্ষ ১৪২৩-কে বরণ করে নিতে দর্শকনন্দিত চ্যানেল এনটিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা।
পয়লা বৈশাখের বিশেষ নাটক, চলচ্চিত্র, নৃত্য অনুষ্ঠানের পাশাপাশি থাকবে সরাসরি গানের কনসার্ট। একনজরে দেখে নেওয়া যাক, পয়লা বৈশাখে এনটিভির পর্দায় কী কী থাকছে।
ছায়ানটের বর্ষবরণ
এনটিভিতে সকাল ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। ঐতিহ্যবাহী রমনার বটমূল থেকে বিটিভির মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
লোকজ গানের অনুষ্ঠান : কাজল মাটির সুর
সকাল ৬টা ৫৫ মিনিটে প্রচারিত করা হবে লোকজ গানের অনুষ্ঠান ‘কাজল মাটির সুর’। হাসান ইউসুফের প্রযোজনায় অনুষ্ঠানে গান গেয়েছেন শিল্পী কৃষ্ণকলি ইসলাম, অরূপ রাহী, ফকির শাহাবুদ্দিন ও লালন আখড়ার বাউলশিল্পীরা।
রুচি বৈশাখী উৎসব
সকাল ৯টায় প্রচারিত হবে নববর্ষের বিশেষ কনসার্ট ‘রুচি বৈশাখী উৎসব’। কনসার্টটি প্রতিবারের মতো এবারও পাবনা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় কনসার্টে অংশ নেবেন শিল্পী কনা, আঁখি আলমগীর, রিংকু, জলের গান ও ক্লোজআপ ওয়ানের তারকা শিল্পীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আমব্রিন, জেনিফা ও আলিফ।
বিশেষ অনুষ্ঠান : বাংলা নববর্ষ
দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বাংলা নববর্ষ’। আলফ্রেড খোকনের প্রযোজনায় হালখাতা, গ্রামীণ খেলাধুলা, পুতুলনাচ, গ্রাম ও শহরের বৈশাখী শোভাযাত্রা, নববর্ষের সংক্ষেপিত ইতিহাস ও বাংলার নানান কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বর্ষবরণসহ বৈশাখী নাচ ও গান ইত্যাদির সংমিশ্রণে এই প্রামাণ্য অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শারমিন লাকী, ধারা বর্ণনা করবেন সাগর সেন, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলাপ করবেন মমতাজ উদ্দীন আহমদ, আসাদ চৌধুরী ও শামীম আজাদ। সাদী মহম্মদের কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ আর মাকসুদের কণ্ঠে ‘মেলায় যাইরে’ গান দুটিও থাকবে। এ ছাড়া ভূপেন হাজারিকার ‘মঙ্গল হোক এই শতাব্দীর’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন অপি করিম, ‘লাগে দোল’ গানের সঙ্গে নৃত্যে পরিবেশন করবেন শখ ও চাঁদনী।

অপি করিমের একক নৃত্যানুষ্ঠান : তৃষ্ণা
দুপুর ১২টা ৪০ মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের পরিবেশনায় একক নৃত্যানুষ্ঠান ‘তৃষ্ণা’। জনপ্রিয় সব গানের সঙ্গে অপি করিম পয়লা বৈশাখের আমেজে নৃত্য পরিবেশন করবেন।
বিশেষ নাটক : অবাক সন্দেশ
দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘অবাক সন্দেশ’। নুরুল আলম আতিকের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জয়া আহসান, আজিজুল হাকিম, হুমায়ুন ফরীদি, সুষমা সরকার প্রমুখ।
পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি : শিল্পী
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘শিল্পী’। প্রখ্যাত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন আলমগীর, সংগীতশিল্পী রুনা লায়লা, তানি লায়না, দোদুল প্রমুখ।
বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান : ঐতিহ্যের বাংলা, বাংলার ঐতিহ্য
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘ঐতিহ্যের বাংলা, বাংলার ঐতিহ্য’। এ অনুষ্ঠানে বাংলার বিভিন্ন লোকজ ঐতিহ্যের কথা উঠে এসেছে। বিশিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি বিষয় নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী। আবহমান বাংলা সংস্কৃতির অংশ হিসেবে নববর্ষ পালন বা বর্ষকে বরণ করার রীতি পৃথিবীর অন্যান্য দেশের মতোই আমাদের দেশেও বহুকাল ধরে পালিত হয়ে আসছিল। যেটি এখন শুধু গ্রামকেন্দ্রিক নয়, শহরেও পালিত হচ্ছে পুরোদমে। শুধু তাই নয়, শহরকেন্দ্রিক বর্ষবরণে যুক্ত হয়েছে মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া এই উৎসবকে ঘিরে গ্রামে নানা রঙের পসরা নিয়ে বসে গ্রামীণ মেলা, যেখানে দৈনন্দিন ব্যবহারের কুলা, ডালা, কাচি, চালন, জাল, নৌকা, ঢেঁকি প্রভৃতি, পরিধানের জন্য লুঙ্গি, শাড়ি (জামদানি, তাঁতের সুতি শাড়ি), গামছা ইত্যাদি থাকে আর সন্ধ্যায় বসে গানের আসর (পালাগান, পুতুলনাচ, কবিগান, সংযাত্রা, পুঁথিপাঠ) যা এখনও আমাদের সংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করে চলেছে। আমাদের এই আয়োজনে বাংলার সেই ঐতিহ্যবাহী দিকগুলোকে তুলে ধরার একটি প্রয়াস থাকছে, যেখানে চারটি সেগমেন্টের মাধ্যমে বাংলার ঐতিহ্যের উল্লেখযোগ্য কিছু দিক তুলে ধরা হবে, সঙ্গে চারজন বিশ্লেষকের বিশ্লেষণ থাকবে।
বিশেষ নাটক ‘প্রেম তুমি’
রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘প্রেম তুমি’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মম, হিল্লোল।
নাটকের গল্পে দেখা যাবে, ‘সাইফ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। নয়নার সাথে তার দেখা হয় একটি শপিংমলে। প্রথম দেখাতেই নয়নাকে ভালো লাগে সাইফের। কথা বলার বাহানা খুঁজতে থাকে। একটা সময় নয়নাকে গিয়ে বলে আমার একটা শাড়ি কেনা দরকার, কিন্তু পছন্দ করতে পারছি না। নয়না কী রঙের শাড়ি এবং কার জন্য সেটা জানতে চায়। সাইফ কোনো উত্তর দেয় না। নয়না বুঝতে পারে, নিশ্চয় সাইফ তার ভালোবাসার মানুষের জন্য শাড়ি নিতে চাইছে। নয়না সাইফকে লাল রঙের একটা শাড়ি পছন্দ করে দিয়ে চলে যায়। সাইফ নয়নার পিছু নিয়ে তার বাসা চিনে আসে। এরপর সাইফ প্রায় সময় নয়নার পিছু নিতে থাকে। কিন্তু নয়না সেটা লক্ষ করে না।
একদিন নয়না তাঁর বাসার সামনে গাড়ি থেকে নেমে যাওয়ার সময় সাইফ তার সামনে দাঁড়ায়। সাইফ সেই লাল রঙের শাড়িটা নয়নাকে দিয়ে তার ভালোবাসার কথা জানায়। নয়না তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে লাল রঙের একটা বিয়ে শাড়ি বের করে সাইফকে দেখিয়ে জানায় দুই দিন পর তার বিয়ে।
সংগীতানুষ্ঠান : মিউজিক এন রিদম
রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মিউজিক এন রিদম’। পারিহা লিমার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জোনায়েদ বিন জিয়া। এ অনুষ্ঠানে একজন শিল্পী তাঁর পছন্দের গানগুলো পরিবেশন করে থাকেন। পাশাপাশি আড্ডার ফাঁকে ফাঁকে বলবেন তাঁর শিল্পী জীবনের গল্প। পহেলা বৈশাখ উপলক্ষে এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকজ গানের একজন বিখ্যাত শিল্পী।

নাইস নূর