নিজের লেখা নাটকে অভিনয় করছেন স্পর্শীয়া
মডেল ও অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শীয়ার ভিন্ন গুণের দেখা পাবেন দর্শক। নাট্যকার স্পর্শীয়া। হ্যাঁ, অভিনয় নয়, বাস্তবেই এবার নাটক রচনা করেছেন তিনি। সম্প্রতি ‘চলো স্বপ্ন দেখি’ শিরোনামে একটি নাটক শেষ করেছেন স্পর্শীয়া। নাটকটি পরিচালনা করেছেন রাফসান আহসান আর প্রযোজনা করেছে গিরি প্রোডাকশন হাউস।
নাটকটি লেখার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন স্পর্শীয়া। নাটকে তাঁর সহশিল্পী হিসেবে আছেন তৌসিফ মাহবুব। পুরো নাটকেই দেখা যাবে শুধু তাঁদের দুজনকে। গল্পে নেই কোনো প্রেম-ভালোবাসা। নাটকের গল্পের গভীরে রয়েছে চমৎকার এক মানবিক গল্প। এমনটিই জানালেন নাটকের পরিচালক রাফসান আহসান।
এনটিভি অনলাইনকে রাফসান আহসান আরো বলেন, ‘স্পর্শীয়ার গল্পে প্রথম কোনো নাটক নির্মাণ করলাম। গল্পটাতে অনেক মোড় আছে। গতানুগতিক ধারার গল্প এটি নয়। এখানে দুজন ক্যানসারে আক্রান্ত রোগীর গল্প তুলে ধরা হয়েছে। স্পর্শীয়া ও তৌসিফ দুজনেই ক্যানসারে আক্রান্ত থাকেন। একই হাসপাতালে তাঁরা ভর্তি হন। একসময় তাঁরা হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।’
নাটকটি প্রসঙ্গে স্পর্শীয়া বলেন, ‘চলো স্বপ্ন দেখি নাটকটির গল্প অন্যরকম। আশা করছি, নাটকটিতে দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন। রাফসান অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। পুরো নাটকে তৌসিফ ও আমার জীবনের জার্নি দেখানো হয়েছে। নাটকটি নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত।’
নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক রাফসান আহসান।


নাইস নূর