বিয়ের খবর জানালেন মিম
মডেল ও অভিনেত্রী নাদিয়া আফরিন মিম বিয়ে করেছেন গত বছরের ২৮ এপ্রিল। মিমের বরের নাম সাফায়াত আলী চয়ন। একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা তিনি। কিন্তু মিমের বিয়ের খবর অনেকেরই ছিল অজানা। তাহলে কি চুপিসারে বিয়ে করেছেন মিম? বিষয়টা খোলাসা করলেন মিম নিজেই।
এনটিভি অনলাইনকে মিম বলেন, ‘আমি মিডিয়াতে একেবারে নতুন। আচ্ছা নিজের বিয়ের খবর কি ঢোল পিটিয়ে সবাইকে দেওয়া যায়? তাই আমার বিয়ের খবর বেশি লোকজন জানেন না। আমার আর চয়নের প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিক সম্মতিতে ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছিল। বিয়েতে আমার কাছের বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।’
২০১৪ সালে অনুষ্ঠিত লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন নাদিয়া আফরিন মিম।
এদিকে আগামী ৩০ এপ্রিল নাদিয়া আফরিন মিম ও সাফায়াত আলী চয়নের বিবাহোত্তর সংবর্ধনা রাজধানীর লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে । তাই আপতত কোনো নাটকের শুটিং করছেন না মিম। তবে বিয়ের সংবর্ধনার পাঁচদিন পরই আবারো শুটিংয়ে ফিরছেন বলে জানান তিনি।
মিম বলেন, ‘বিয়ে করেছি তাই বলে মিডিয়া ছেড়ে দেব না। আমার বর, শ্বশুরবাড়ির প্রত্যেকেই আমার কাজের প্রতি অনেক শ্রদ্ধাশীল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

নাইস নূর