আবারও বিজ্ঞাপনে মাহি
এবার বিজ্ঞাপনে দেখা যাবে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে। আগামী সপ্তাহে তিনি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে ভারত যাচ্ছেন। ইউরো কোলার নতুন একটি বিজ্ঞাপনে তিনি কাজ করবেন। এরই মধ্যে তিনি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।
এ বিষয়ে মাহি এনটিভি অনলাইনকে বলেন, ‘আগামী সপ্তাহে ভারতে যাচ্ছি বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিতে। শুধু বিজ্ঞাপনেই নয়, এই কোম্পানির সাথে আমার তিন বছরের চুক্তি হয়েছে। তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থিত থাকব। ঘুরে বেড়াব দেশজুড়েই। এ পণ্যের প্রচার ও প্রসারে বিভিন্ন বিজ্ঞাপনচিত্র, ইভেন্ট ও কর্মশালায়ও অংশ নেব।’
এ বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে মাহি বলেন, ‘এর আগে গত বছর ফেয়ার অ্যান্ড লাভলির সাথেও কাজ করেছি। দেশেজুড়ে ঘুরেছি। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দারুণ উপভোগ করি।’
ইউরো কোলার এই বিজ্ঞাপন কবে দেখানো হবে জানতে চাইলে মাহি বলেন, ‘আমি যত দূর জানি বিজ্ঞাপনটি রোজার সময় টিভিতে প্রচার করা হবে। আমাকে কর্তৃপক্ষ সেভাবেই বলেছে।’
ভারত থেকে ফিরেই সজলের বিপরীতে ‘হারজিৎ’ ছবির কাজ শুরু করার কথা রয়েছে মাহির। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। আর কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘অনেক দামে কেনা’। জাজ মাল্টিমিডিয়ার এ ছবি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এতে আরো অভিনয় করেছেন বাপ্পি ও ডিপজল। সম্প্রতি মাহি দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।

মাজহার বাবু