ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া, চাইলেন দোয়া
ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এর আগে কোলন ক্যানসার জয় করলেও, সম্প্রতি নতুন করে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজেই এই দুঃসংবাদটি জানিয়েছেন।
প্রায় তিন মাস আগে সামিয়া আফরিনের শরীরে হাই-গ্রেড কার্সিনোমা জরায়ুর ক্যানসার শনাক্ত হয় এবং দ্রুত তাঁর অস্ত্রোপচার করা হয়। এর আগেরবার কোলন ক্যানসার থেকে ইমিউনোথেরাপির মাধ্যমে সুস্থ হলেও, এবার তাঁকে নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে।
কেমোর কারণে চুল পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে মন খারাপ না করে, বরং হাসিমুখে তা মেনে নিয়ে নিজেই নতুন হেয়ারকাট করেছেন তিনি। ক্যানসারের এই কঠিন লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, এমন কষ্ট যেন তাঁর কাছের কোনো মানুষকে পোহাতে না হয়।

বিনোদন ডেস্ক