আসছে বিরতিহীন ‘মায়ার বাঁধন’
বাংলাদেশের টিভি নাটকের চেয়ে কলকাতার নাটকের দর্শক বেশি দেশে। কলকাতার নাটকের ভিড়ে আমাদের নাটক হারিয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে যে কয়েকটি বিষয় সামনে আসে তার মধ্যে অন্যতম বিজ্ঞাপনের আধিক্য। ঈদের সময় বিরতিহীন নাটক চালানো হলেও ধারাবাহিকের বেলায় বিষয়টি বিরল। এই বিষয়টিকে মাথায় রেখে অনেক টেলিভিশন চ্যানেলই বিরতিহীন নাটক প্রচারে আগ্রহী হচ্ছে। ‘মায়ার বাঁধন’ নামের একটি ধারাবাহিক নাটক তাই বিজ্ঞাপনের বিরতি ছাড়া প্রচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। শাহ্ আসিফুল আবেদের মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন টিপু আজম। আর এটি পরিচালনা করেছেন সুস্ময় সুমন।
বিরতিহীনভাবে নাটক সম্প্রচার নিয়ে পরিচালক সুস্ময় সুমন এনটিভি অনলাইনকে বলেন, ‘বাংলাদেশের নাটক এখন দর্শক কম দেখছে তার অন্যতম কারণ বিজ্ঞাপন। এ কারণেই আমরা এই নাটকটি বিরতিহীনভাবে চালাচ্ছি। আশা করি, দর্শকদের বিষয়টি ভালো লাগবে।’
নাটকের গল্প সম্পর্কে পরিচালক বলেন, “রিতু ধনী বাবার একমাত্র মেয়ে। বর্তমানে বাবার ব্যবসার সম্পূর্ণ ভার তার কাঁধে। আনিসকে রিতু বিয়ে করেছিল ভালোবেসে, বাবার মতের বিরুদ্ধে। কিন্তু পরবর্তী জীবন সম্পর্কে খামখেয়ালী শখের ম্যাজিশিয়ান জামাইকে মনে-প্রাণে রিয়াজুল সাহেব পছন্দ করে ফেললেও রিতু সেপারেশন নিয়ে নেয়। তাদের সাত-আট বছরের বাচ্চার নাম মায়া। সে অটিস্টিক। জন্মের পর থেকে কথা বলতে পারে না। মায়া তার মায়ের সঙ্গে থাকলেও ভেতরে ভেতরে বাবাকে সে অসম্ভব কাছে চায়। কিন্তু এই অটিস্টিক শিশুর নীরব আকুতি কেউ-ই যেন শুনতে পায় না। এমনই এক গল্প নিয়ে এগিয়ে গেছে বাংলাদেশের প্রথম বিরতিহীন ধারাবাহিক ‘মায়ার বাঁধন’ নাটকে ‘মায়ার গল্প’ শিরোনামের পর্বটি।”
ফারস্পিড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত ধারাবাহিক নাটকটি আগামী মাসের ৬ তারিখ থেকে রাত ৯টা ১৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওশীন, মনিরা মিঠু, হাসান ইমাম, মম মোরশেদ, শবনম ফারিয়া, আসিফ, জেরিন, প্রোনিল, মায়া চরিত্রে শিশুশিল্পী অহনা প্রমুখ।

মাজহার বাবু