তিন বছর পর আবারো মম-তাহসান
মম-তাহসান জুটির জনপ্রিয় নাটক ‘নীলপরী নীলাঞ্জনা’। তিন বছর আগে পরিচালক শিহাব শাহীন মম-তাহসানকে নিয়ে নির্মাণ করেছিলেন নাটকটি। এরপর ছোটপর্দায় মম-তাহসান জুটির নাটক দেখা যায়নি। তবে শিগগিরই আবারও ছোটপর্দায় এক সঙ্গে দেখা যাবে তাঁদের।
পরিচালক শিহাব শাহীন এই জুটিকে নিয়ে নির্মাণ করছেন নাটক ‘এখন আর রূপকথা হয় না’। নাটকটি যৌথভাবে লিখেছেন মেজবাহউদ্দীন সুমন ও শিহাব শাহীন। নাটকটির শুটিং গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। আজ উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। আগামীকাল পর্যন্ত নাটকটির শুটিং চলবে।
শিহাব শাহীন এনটিভি অনলাইনকে বলেন, “‘নীলপরী নীলাঞ্জনা’ প্রচারের পর থেকে অনেকেই আমাকে অনুরোধ করেছেন মম-তাহসান জুটিকে নিয়ে নাটক নির্মাণ করার। ফেসবুকের মাধ্যমেও অনেকে আমাকে জানিয়েছেন আমার নাটকে মম-তাহসান হলে খুব ভালো হয়। নানা কারণে হয়ে উঠেনি। ‘নীলপরী নীলাঞ্জনা’ নাটকটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল। তবে ‘এখন আর রূপকথা হয় না’ এই নাটক সম্পূর্ণ ব্যতিক্রম। রূপকথার গল্প নিয়ে আমাদের দেশে নাটক খুব কম হয়। আশা করছি, রূপকথা নিয়ে নাটকটি সবার ভালো লাগবে।”
আসছে ঈদে ‘এখন আর রূপকথা হয় না’ নাটকটি এনটিভিতে প্রচারিত হবে।

নাইস নূর