নিজের লেখা নাটকে অভিনয় করলেন কল্যাণ
অভিনয়শিল্পী কল্যাণ কোরাইয়া ছোটবেলায় ভালো তবলা বাজাতেন। ক্রিকেটও খেলতেন দারুণ। কিন্তু তিনি গল্প লিখবেন, এটা কখনো ভাবেননি। আসন্ন ঈদ উপলক্ষে একটি নাটকের গল্প লিখেছেন তিনি। নাটকের নাম ‘এসেছিলে তবুও আসোনি’। কল্যাণের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন তামজিদ রহমান এবং পরিচালনা করেছেন শৌবুর রহমান রাসেল। নাটকটির শুটিং রাজধানীর বিভিন্ন জায়গায়সহ সিলেটের শ্রীমঙ্গলে করা হয়েছে। নাটকটি লেখার পাশাপাশি কল্যাণ নিজেও এতে অভিনয় করেছেন। নাটকে তাঁর সহশিল্পী ছিলেন রওনক হাসান ও ঊর্মিলা।
নাটকটির গল্প লেখা প্রসঙ্গে এনটিভি অনলাইনকে কল্যাণ কোরাইয়া বলেন, “আসলে প্রতিদিন অনেক কিছু চিন্তা করি। কিন্তু সেগুলো লেখা কেন জানি হয় না। ‘এসেছিল তবুও আসোনি’ এই নাটকের গল্প সবার খুব চেনা মনে হবে। নাটকের গল্পে দেখা যাবে : একটি মেয়েকে কয়েকজন মিলে ধর্ষণ করার চেষ্টা করে; কিন্তু ঘটনাচক্রে মেয়েটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এর পর অপরাধীরা একসময় ধরা পড়ে। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প। নাটকটিতে অভিনয় করার অভিজ্ঞতাও দারুণ। আশা করছি, নাটকের নির্মাণশৈলীও সবার ভালো লাগবে।”
আসন্ন ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানান কল্যাণ।

নাইস নূর