এবার পূর্ণিমার বিপরীতে হৃদয় খান
সংগীতশিল্পী হৃদয় খান সম্প্রতি মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘রূপকথা’ নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লিখিয়েছেন। নাটকটিতে তাঁর সহশিল্পী ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
এবার চিত্রনায়িকা পূর্ণিমার বিপরীতে অভিনয় করলেন হৃদয় খান। তবে কোনো চলচ্চিত্রে নয়।
সম্প্রতি একটি টেলিফিল্মে অভিনয় করেছেন এই জুটি। টেলিফিল্মটির নাম ‘ফিরে যাওয়া হলো না।’
টেলিফিল্মটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। আসন্ন ঈদে টেলিফিল্মটি বাংলাভিশনে প্রচারিত হবে।
ভালো গল্প, চিত্রনাট্য ও ইউনিট পেলে নাটকেও মাঝে মাঝে কাজ করবেন হৃদয় খান। তিশার সঙ্গে কাজের পর পূর্ণিমার সঙ্গেও অভিনয়ের অভিজ্ঞতা দারুণ বলেও জানিয়েছেন তিনি।
পরিচালক এস এ হক অলিক বলেন, ‘এই গল্পের টেলিফিল্মে আমি হৃদয় খানকে নেব এটা অনেক আগেই ভেবে রেখেছিলাম। যখন হৃদয়ের সঙ্গে আমি চলচ্চিত্রের গানের কাজ করেছিলাম তখনই প্রাথমিকভাবে হৃদয়ের সঙ্গে গল্পটি নিয়ে আমার আলাপ হয়েছিল। হৃদয়ও কাজটি করতে রাজি হয়েছিল। টেলিফিল্মে পূর্ণিমার সঙ্গে হৃদয় খানকে অনেক মানিয়েছে। আশা করছি, দর্শক ঈদে এই জুটিকে ভালোভাবে গ্রহণ করবে।’

নাইস নূর