আবুল হায়াতের নাটকে মম-সজল
অভিনয়শিল্পী মম ও সজল জুটির অসংখ্য নাটক দর্শকরা দেখছেন। সবার প্রিয় এই জুটিকে আসন্ন ঈদের নাটকেও দেখা যাবে। আবুল হায়াতের ‘পলাতক’ গল্পের নাটকে সম্প্রতি অভিনয় করেছেন মম-সজল। নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী।
‘পলাতক’ নাটকের গল্পে দেখা যাবে, ‘সজল মমকে পালিয়ে বিয়ে করেন। এতে মমর বাবা সজলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়। এতেই ভয় পেয়ে যায় সজল। কারণ সজলের পুলিশভীতি আছে। তাই ভয়ে নতুন স্ত্রীকে রেখে পালিয়ে যায় সে । এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।’
নাটকটি নিয়ে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘পলাতক নাটকটির গল্প দর্শকদের নানা ভাবে আকৃষ্ট করবে। অনেক নাটকীয়তা আছে। নাটকটির শুটিংয়ের আগের রাতে অনেক ঝড়-বৃষ্টি ছিল। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পূর্বাচলের রাস্তা বৃষ্টির কারণে কাঁদায় ভরপুর ছিল। আমরা মেইন রাস্তায় গাড়ি রেখে সাত-আট মাইল হেঁটে শুটিং স্পটে গিয়েছি। তবে প্রথমে আমরা সবাই ভেবেছিলাম শুটিং করা সম্ভব নয়। পরে সবার সহযোগিতায় নাটকের শুটিং শেষ করেছি। পূর্বাচলে অভিনেতা মাহফুজ আহমেদের বাড়িতে আমরা শুটিং করেছিলাম।’
আপনার পরিচালনায় সজল তো দীর্ঘদিন পর অভিনয় করলেন। কেমন লাগল কাজ করে? উত্তরে চয়নিকা চৌধুরী বলেন, ‘দীর্ঘ নয় বছর পর সজলের সঙ্গে আমার কাজ হলো। সজলের সময়-জ্ঞান অনেক ভালো। সেটে অনেক হাসি মুখ নিয়ে ও অভিনয় করে। এ ছাড়া সজলের ব্যবহারও অনেক ভালো। নয় বছর আগে সজল-তিশাকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছিলাম।’
আসছে ঈদে ‘পলাতক’ নাটকটি একুশে টেলিভিশনে প্রচারিত হবে বলে জানান পরিচালক চয়নিকা চৌধুরী।

নাইস নূর